
ইকুয়েডরের আন্দিজ অঞ্চলে বাড়তে থাকা সহিংসতার মধ্যে একটি হামলায় প্রাণ হারিয়েছেন বার্সেলোনা দে গুয়ায়াকিলের ৩৩ বছর বয়সী ডিফেন্ডার মারিও পিনেইদা। এই ঘটনায় আরেকজন ব্যক্তি নিহত হন, যার পরিচয় পুলিশ প্রকাশ করেনি। এ ছাড়া তৃতীয় একজন আহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) এই বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। তবে বিস্তারিত কিছু জানায়নি ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বার্সেলোনা দে গুয়ায়াকিল এক বিবৃতিতে জানিয়েছে, পিনেইদার মৃত্যুতে ক্লাবের সমর্থকেরা গভীরভাবে শোকাত।
ইকুয়েডরীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি গুয়ায়াকিলের উত্তর প্রান্তের সামানেস এলাকায় ঘটেছে। গুয়ায়াকিল রাজধানী কুইটো থেকে প্রায় ২৬৫ কিলোমিটার (১৬৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
ইকুয়েডরীয় অবজারভেটরি অব অর্গানাইজড ক্রাইমের তথ্যমতে, চলতি বছরে ইকুয়েডরে রেকর্ডসংখ্যক সহিংসতা ঘটতে পারে এবং হত্যাকাণ্ডের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত বছর দেশটিতে সহিংস মৃত্যুর সংখ্যা ছিল ৭,০৬৩, আর ২০২৩ সালে তা ছিল রেকর্ড পরিমান–৮,২৪৮।
আন্তর্জাতিক মাদক কার্টেলের সঙ্গে যুক্ত ইকুয়েডরের ভেতরে কার্যক্রম বিস্তারকারী অপরাধী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া।

পিনেইদা ২০১০ সালে ইন্ডিপেনদিয়েন্তে দেল ভায়ের হয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু করে ২০১৫ সাল পর্যন্ত সেখানে কাটান। এরপর ২০১৬ সালে উপকূলীয় শহর গুয়ায়াকিলের ক্লাব বার্সেলোনায় যোগ দেন এবং সেখানে দুটি লিগ শিরোপা জেতেন। ২০২২ সালে তিনি ব্রাজিলের ফ্লুমিনেন্সের হয়েও স্বল্প সময়ের জন্য খেলেছিলেন।
আরটিভি/এসআর




