বয়স যে কেবলই একটি সংখ্যা তা আবারও প্রমাণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। ৩৭ বছর বয়সেও মাঠে নিজের জাদু দেখিয়ে এক দশক পর ফের আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।
সোমবার রাতে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে ২০২৫ সালের সেরা ফুটবলারের স্বীকৃতি পান ডি মারিয়া। সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জাতীয় দলের সতীর্থ লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারদেসকে।
এটি ডি মারিয়ার ক্যারিয়ারের দ্বিতীয় বর্ষসেরা ফুটবলারের খেতাব। এর আগে ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন তিনি। দীর্ঘ ১০ বছর পর আবারও একই স্বীকৃতি অর্জন তাঁর অদম্য মানসিক শক্তি ও ধারাবাহিকতারই প্রমাণ।
ঘরোয়া ফুটবলেও গত বছরটি ডি মারিয়ার জন্য ছিল স্মরণীয়। শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে ১৬ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি দলকে শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ উইঙ্গার।
উল্লেখ্য, গত বছর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে এই পুরস্কারে সর্বোচ্চ ১৬ বার জিতে রেকর্ডটি এখনো লিওনেল মেসির দখলে রয়েছে।
মাঠের অসাধারণ নৈপুণ্য আর অভিজ্ঞতার নিখুঁত সমন্বয়ে ডি মারিয়া আবারও প্রমাণ করলেন—বয়স বাড়লেও তাঁর জাদু এখনো ফুরিয়ে যায়নি।
আরটিভি/এসকে




