
অ্যাডিলেডে চলমান অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে আবারও প্রযুক্তিগত সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও স্নিকো মিটারের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হয়েছে, যার প্রভাব পড়েছে ম্যাচের গতিপ্রবাহে।
প্রথম দিনে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারির একটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়। টিভি রিপ্লেতে দেখা যায়, ক্যারির ব্যাটে বল স্পর্শের সময় স্নিকো মিটারে স্পাইক উঠলেও ব্যাট-বলের মাঝে স্পষ্ট ব্যবধান ছিল। আবার ব্যাট-বল কাছাকাছি আসার মুহূর্তে স্পাইক দেখা যায়নি, যদিও ক্যারি নিজেই বলের শব্দ শোনার কথা জানান। পরে স্নিকো মিটার কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকারও করে নেয়। সেই সিদ্ধান্তে বেঁচে গিয়ে সেঞ্চুরি করেন ক্যারি।
দ্বিতীয় দিনে একই ধরনের বিতর্কে জড়ান ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ। প্যাটি কামিন্সের বল পুল করে ছয় মারার পরের ডেলিভারিতে স্মিথের ব্যাট ঘেঁষে বল উসমান খাজার হাতে ধরা পড়ে। রিপ্লেতে দেখা যায়, বল গ্লাভসে নয়, হেলমেটে লেগেছে যা নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আপত্তি ছিল স্পষ্ট। পরে কামিন্সের আরেকটি বল উইকেটের পেছনে ধরা পড়লে সিদ্ধান্ত থার্ড আম্পায়ারের হাতে যায়। টিভি রিপ্লেতে ব্যাট-বলের মাঝে ব্যবধান দেখা গেলেও স্নিকোতে স্পাইক ওঠায় স্মিথকে আউট ঘোষণা করা হয়। ক্ষোভ প্রকাশ করতে করতেই মাঠ ছাড়েন তিনি। ২২ রান করে বিদায় নেন এই ইংলিশ ব্যাটার।
এর আগে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩২৬ রান। আজ অপরাজিত থাকা মিচেল স্টার্ক ফিফটি পূর্ণ করে ৫৪ রানে আউট হন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া অলআউট হয় ৩৭১ রানে। ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার নেন সর্বোচ্চ ৫ উইকেট, ব্রাইডন কার্স ও উইল জ্যাকস নেন দুটি করে।
জবাবে ইংল্যান্ড আক্রমণাত্মক শুরু করলেও ব্যাটিং বিপর্যয় সামলাতে পারেনি। জ্যাক ক্রাউলি (৯), ওলি পোপ (৩) ও বেন ডাকেট (২৯) দ্রুত ফিরলে ৪২ রানেই তিন উইকেট হারায় তারা। জো রুট আউট হন ১৯ রানে। হ্যারি ব্রুক (৪৫) ও বেন স্টোকস (৪৫*) মিলে ৫৬ রানের একমাত্র উল্লেখযোগ্য জুটি গড়েন। দিন শেষে স্টোকসের সঙ্গে অপরাজিত আছেন জোফরা আর্চার (৩০*)। ৮ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শেষ করে ইংল্যান্ড।
এতে এখনো ১৫৮ রানে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে লিড নেওয়ার সম্ভাবনাই বেশি তাদের। এমনটি হলে এই টেস্ট হারের পথে এগোবে বেন স্টোকসের দল, আর ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে ইংল্যান্ডের। আগের দুই টেস্টেও অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারেনি তারা। অস্ট্রেলিয়ার পক্ষে এখন পর্যন্ত অধিনায়ক প্যাট কামিন্স নিয়েছেন ৩ উইকেট, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন নিয়েছেন দুটি করে।
আরটিভি/এসকে




