ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
এক বিবৃতিতে বিসিবি জানায়, শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
অন্যদিকে বাফুফে তাদের শোকবার্তায় উল্লেখ করে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরটিভি/এসকে




