
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি২০) বল হাতে ধারাবাহিক দ্যুতি ছড়াচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে জোড়া উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় সেরা তিনে উঠে এসেছেন তিনি।
দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নামা মুস্তাফিজ এদিন মাত্র দুই ওভার বল করার সুযোগ পান। পাওয়ার প্লেতে নতুন বল হাতে ইনিংসের শুরুতেই গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন তিনি। পরে ১৬তম ওভারে নিজের দ্বিতীয় উইকেটটি তুলে নেন এই বাঁহাতি পেসার। তবে তার কোটা পূর্ণ হওয়ার আগেই শারজাহ দল অলআউট হয়ে যাওয়ায় আর বল করার প্রয়োজন হয়নি।
চলতি আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচে মুস্তাফিজের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১১-এ। সমান সংখ্যক উইকেট নিয়েছেন খুজাইমা তানভিরও। তবে ১৫ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন দুবাই ক্যাপিটালসের আফগান স্পিনার ওয়াকার সালমানখিল।
উল্লেখযোগ্য বিষয় হলো, শীর্ষে থাকা দুই বোলারই মুস্তাফিজের চেয়ে একটি করে ম্যাচ বেশি খেলেছেন। ৬ ডিসেম্বর গালফ জায়ান্টসের বিপক্ষে আইএল টি২০-এ অভিষেক হওয়া মুস্তাফিজ এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন। প্রথম দুই ম্যাচে দুটি করে উইকেট নেওয়ার পর এমআই এমিরেটসের বিপক্ষে ৩ উইকেট শিকার ছিল তার এবারের আসরের সেরা পারফরম্যান্স।
শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে এই জয়ের ফলে দুবাই ক্যাপিটালস পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
আরটিভি/এসকে




