ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান। রোববার(২১ ডিসেম্বর) ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বাঁহাতি অলরাউন্ডার।

শারজা ওয়ারিয়র্জের বিপক্ষে টুর্নামেন্টে অভিষেকের পর প্রায় দুই সপ্তাহ বিরতি দিয়ে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলেছিলেন সাকিব। প্রথম দুই ম্যাচে ব্যক্তিগতভাবে সেভাবে উজ্জ্বল না হলেও দল জয়ের দেখা পায়। তবে সর্বশেষ ম্যাচে নিজেকে নতুন রূপে উপস্থাপন করলেন তিনি।
দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নামে ডেজার্ট ভাইপার্স। সপ্তম ওভারে আক্রমণে এসে প্রথম ওভারের শেষ বলেই ফখর জামানকে নিকোলাস পুরানের হাতে ক্যাচ বানান সাকিব। পরের ওভারে স্যাম কারানকে ফিরতি ক্যাচে তুলে নেন তিনি। এই দুই গুরুত্বপূর্ণ উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

চার ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। তার করা ২৪ বলে কোনো বাউন্ডারি মারতে পারেননি ভাইপার্সের ব্যাটাররা। মোট বলের অর্ধেকই ছিল ডট। তার অসাধারণ বোলিংয়ে ডেজার্ট ভাইপার্স আটকে যায় ১২৪ রানে।
জবাবে, ব্যাট করতে নেমেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাকিব। ১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৫ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাচের ১৮তম ওভারের তৃতীয় বলে জয়সূচক চার মারেন এই অলরাউন্ডার।
এমআই এমিরেটসের হয়ে অধিনায়ক কিয়েরন পোলার্ড করেন সর্বোচ্চ ২৬ রান। সাকিবের সঙ্গে তার ৩৩ রানের জুটি দলের জয়ের ভিত গড়ে দেয়। এছাড়া সঞ্জয় কৃষ্ণমূর্তি করেন ২১ রান। ছয় উইকেট হারিয়ে ১৫ বল হাতে রেখেই টানা তৃতীয় জয় নিশ্চিত করে এমআই এমিরেটস।
আরটিভি/এসকে




