
ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে ১-০ গোলে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮০ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরপর আর কোনো ম্যাচ খেলেনি তারা। তাই ফিফার হালনাগাদকৃত সবশেষ র্যাঙ্কিংয়েও একই অবস্থানে রয়েছেন হামজা-জামালরা। আর শীর্ষে রয়েছে স্পেন।
সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ গত মাসের মতো ১৮০তম অবস্থানেই রয়েছে।
বাংলাদেশ নভেম্বর উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল। নভেম্বর প্রকাশিত র্যাঙ্কিংয়ে ফিফা সে ম্যাচের ফল প্রদর্শন করেনি। বাফুফে ফিফা এবং এএফসিকে বিষয়টি জানায়। দুই প্রতিষ্ঠানই ডিসেম্বর মাসের র্যাঙ্কিংয়ে সেটি সমন্বয়ের কথা বলেছিল।
সেই ম্যাচ ড্র হওয়ায় র্যাঙ্কিংয়ের অবস্থানের নড়চড় না হলেও ওই ম্যাচের প্রভাবে বাংলাদেশের রেটিং পয়েন্ট খানিকটা কমেছে। নভেম্বর মাসে হ্যাভিয়ের কাবরেরার দলের ছিল ৯১১.১৯ পয়েন্ট, সেটা ডিসেম্বরে হয়েছে ৯১১.১০। ১৭৯ তম অবস্থানে থাকা কম্বোডিয়ার অবস্থান ৯১১.৫৪ পয়েন্ট।
অ্যাওয়ে ম্যাচে নেপাল ২ গোলে ড্র করেছে এজন্য তাদের পয়েন্ট খানিকটা বেড়েছে ডিসেম্বরে। নভেম্বরে যেখানে ছিল ৯০২.৪৪ পয়েন্ট সেখানে ডিসেম্বরে ০.০৮ বেড়ে হয়েছে ৯০২.৫২ পয়েন্ট। এতে অবশ্য নেপালের অবস্থানের কোনো উন্নতি হয়নি। কারণ ১৮১ তম স্থানে থাকা বেলিজের পয়েন্ট ৯১০.৭৪ পয়েন্ট।
অন্যদিকে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে স্পেন, তাদের পয়েন্ট ১৮৭৭। আর ১৮৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আর্জেন্টিনা, তৃতীয়স্থানে থাকা ফ্রান্সের পয়েন্ট ১৮৭০, চতুর্থস্থানে রয়েছে ইংল্যান্ড (১৮৩৪) এবং ১৭৬০ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে রয়েছে সেলেসাওরা।
আরটিভি/এসআর




