বক্সিং ডে টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইনজুরি ও বিশ্রামের কারণে দলে নেই অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন ও অধিনায়ক প্যাট কামিন্স। তাদের পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন টড মার্ফি ও ঝাই রিচার্ডসন।
অ্যাডিলেড টেস্টের শেষ দিনে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান নাথান লায়ন। পরে ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই অফস্পিনারকে।
লায়নের জায়গায় স্কোয়াডে ঢোকা ২৫ বছর বয়সী টড মার্ফি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ম্যাথু কুনেমান, শিল্ডের শীর্ষ অফস্পিনার কোরি রচিকিওলি ও লেগ স্পিনার মিচেল সুয়েপসনকে পেছনে ফেলেছেন। মার্ফি এখন পর্যন্ত সাতটি টেস্টই খেলেছেন দেশের বাইরে, যেখানে তিনি ২৮.১৩ গড়ে ২২ উইকেট নিয়েছেন। মেলবোর্নে শেফিল্ড শিল্ডে তিন ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৬, গড় ২৫.৩৩।
মার্ফি একাদশে থাকলে গত ১৪ বছরে প্রথমবার নাথান লায়ন ছাড়া ঘরের মাঠে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার খেলাবে অস্ট্রেলিয়া। ২০২৩ সালের অ্যাশেজে হেডিংলি ও দ্য ওভালে লায়নের বদলি হিসেবে খেলেছিলেন তিনি। সবশেষ এ বছর গলে টেস্ট খেলেন মার্ফি।
এদিকে সিরিজ জিতে যাওয়ায় বাকি দুই টেস্ট না খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। নির্বাচকরাও সেই সিদ্ধান্তে সায় দিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে আবারও অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন স্টিভ স্মিথ। অসুস্থতার কারণে তৃতীয় টেস্টে না খেললেও মেলবোর্ন টেস্টে নেতৃত্ব দেবেন তিনি।
পেস আক্রমণে কামিন্সের জায়গা পূরণ করতে বিবেচনায় আছেন ব্রেন্ডন ডগেট, মাইকেল নেসার ও ঝাই রিচার্ডসন। কাঁধের অস্ত্রোপচারের পর এক বছর পর আবার টেস্ট স্কোয়াডে ফিরেছেন রিচার্ডসন। চতুর্থ টেস্ট খেলার অপেক্ষায় রয়েছেন এই পেসার।
অন্যদিকে, শেষ মুহূর্তে দলে ঢুকে তৃতীয় টেস্টে ৮২ ও ৪০ রানের ইনিংস খেলে আস্থার প্রতিদান দিয়েছেন উসমান খাজা।
অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডান ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, টড মার্ফি, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বেউ ওয়েবস্টার।
আরটিভি/এসকে




