ফুটবলে ফিরতে অভিনব পথ বেছে নিচ্ছেন দানি আলভেস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ১০:২৪ এএম


ফুটবলে ফিরতে অভিনব পথ বেছে নিচ্ছেন দানি আলভেস
ছবি: সংগৃহীত

ফুটবলে ফিরতে অভিনব পথ বেছে নিচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার দানি আলভেস। ধর্ষণ মামলায় জড়িয়ে সম্মান, পরিবার ও ক্যারিয়ার সবকিছু হারানোর পর আবারও মাঠে ফেরার পরিকল্পনা করছেন তিনি। তবে কোনো ক্লাব থেকে ডাক না পাওয়ায় নিজেই একটি ক্লাব কেনার সিদ্ধান্ত নিয়েছেন আলভেস।

ইএসপিএন ব্রাজিলের খবরে জানানো হয়েছে, পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব সাও জোয়াও দে ভের-এর মালিকানা কেনার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন ৪২ বছর বয়সী এই ডিফেন্ডার। পর্তুগিজ সংবাদমাধ্যমগুলোর দাবি, মৌসুম শেষে ক্লাবটির ৫০ শতাংশ মালিকানা কিনবেন আলভেস। মালিক হয়েই অন্তত ছয় মাস পেশাদার ফুটবল খেলতে চান তিনি। এরপরই বুটজোড়া তুলে রাখার পরিকল্পনা রয়েছে বার্সেলোনার সাবেক এই তারকার।

বর্তমানে সাও জোয়াও দে ভের পর্তুগালের তৃতীয় বিভাগে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে। ক্লাবটির হয়ে খেলেই নিজের ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখতে চান আলভেস।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হন দানি আলভেস। বিচার শুরুর আগেই এক বছরের বেশি সময় কারাভোগ করেন তিনি। পরে স্পেনের আদালত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন। তবে জামিনে মুক্তি পাওয়ার পর চলতি বছরের মার্চে কাতালুনিয়ার উচ্চ আদালত পর্যাপ্ত প্রমাণের অভাবে তাকে সম্পূর্ণ খালাস দেন।

ব্রাজিল জাতীয় দলের হয়ে ১২৬ ম্যাচ খেলা আলভেস পেশাদার ক্যারিয়ারে জিতেছেন ৪৩টি শিরোপা। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপেও জাতীয় দলের হয়ে মাঠে নামেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

আরও পড়ুন

এখন দেখার বিষয়, ক্লাব মালিক হয়ে মাঠে ফেরার দানি আলভেসের এই ব্যতিক্রমী পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় কি না।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission