
যুক্তরাষ্ট্রের ক্রিকেটের চলমান সংকট ও প্রশাসনিক অচলাবস্থার প্রভাব থেকে ক্রিকেটারদের রক্ষা করতে আইসিসি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গত সেপ্টেম্বরে আইসিসি যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিল সদস্যপদ নীতিমালা লঙ্ঘনের কারণে। এরপর দেউলিয়া ঘোষণার জন্য আবেদন জানায় যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড।
এই সংকটের মধ্যেও জাতীয় দলের খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা ও দেখভালের দায়িত্ব এখন আইসিসির হাতে রয়েছে। আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার সময় যুক্তরাষ্ট্রের ‘হাই পারফরম্যান্স প্রোগ্রাম’ পরিচালনা ও প্রয়োজনীয় অর্থায়নে তারা সম্পূর্ণ প্রস্তুত। এতে খেলোয়াড়দের বেতন পরিশোধও অন্তর্ভুক্ত রয়েছে।
আগামী জানুয়ারিতে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, যেখানে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করবে। এছাড়া ফেব্রুয়ারি-মার্চে ভারতের ও শ্রীলঙ্কার আয়োজনে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের অংশগ্রহণ নিশ্চিত রয়েছে।
আইসিসি জানিয়েছে, দেউলিয়া ঘোষণার সময় তারা যুক্তরাষ্ট্র ক্রিকেটকে ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল খেলোয়াড় ও স্টাফদের বেতন পরিশোধের জন্য। কিন্তু প্রস্তাবটি গ্রহণ না হওয়ায় এখন তারা সরাসরি খেলোয়াড়দের অর্থায়নের পথে এগোতে চায়।
আইসিসির পক্ষ থেকে আরও নিশ্চিত করা হয়েছে, যুক্তরাষ্ট্র ক্রিকেটের বর্তমান সমস্যা তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতা বা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশগ্রহণে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তারা খেলোয়াড়দের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে ‘হাই পারফরম্যান্স প্রোগ্রাম’ পরিচালনায় আগ্রহী।
এদিকে, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলা প্রশাসনিক সংকট সমাধানে আইসিসির নরমালাইজেশন কমিটি কাজ করে যাচ্ছে। দেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট এবং মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-র অনুমোদন ও তদারকিও আইসিসির আওতায় রাখা হয়েছে।
এই উদ্যোগগুলো যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে পুনরায় শক্তিশালী করে বিশ্ব ক্রিকেটের মঞ্চে টিকিয়ে রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
আরটিভি/এসকে




