
গত বছরের হতাশা ঝেড়ে ফেলে ইতালিয়ান সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করল নাপোলি। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ফাইনালে বোলোনিয়াকে ২–০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে বর্তমান সিরি আ চ্যাম্পিয়নরা।
সোমবার রাতে আল-আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে নাপোলির জয়ের নায়ক ছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার ডেভিড নেরেস। দলের হয়ে দুটি গোলই করেন তিনি। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আন্তোনিও কন্তের শিষ্যরা।
৩৯তম মিনিটে দর্শনীয় এক গোলে নাপোলিকে এগিয়ে দেন নেরেস। প্রায় ২৫ মিটার দূর থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল সরাসরি বোলোনিয়ার জালের কোণে জড়িয়ে যায়। এই গোলেই প্রথমার্ধে এগিয়ে যায় নাপোলি।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি কন্তের দল। ম্যাচের ৬৫ মিনিটে বোলোনিয়ার গোলরক্ষক ফেদেরিকো রাভালিয়ার দুর্বল পাসের সুযোগ কাজে লাগান নেরেস। জন লুকুমির উদ্দেশে দেওয়া বল কেড়ে নিয়ে ঠান্ডা মাথায় গোল করেন তিনি।
বেনফিকা থেকে ২০২৪ সালের আগস্টে নাপোলিতে যোগ দেওয়ার পর এটি নেরেসের দ্বিতীয়বারের মতো জোড়া গোল। চলতি ইতালিয়ান সুপার কাপে তিনটি গোল করে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
শেষ পর্যন্ত ২–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি। এই জয়ের মাধ্যমে ক্লাব ইতিহাসে তৃতীয়বারের মতো ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতল নেপলসের ক্লাবটি। এর আগে ১৯৯০ ও ২০১৪ সালে এই ট্রফি জিতেছিল তারা।
সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচের মধ্যে সাতটিতেই জয় পেল আন্তোনিও কন্তের দল, যা তাদের দুর্দান্ত ছন্দেরই প্রমাণ।
আরটিভি/এসকে




