
প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ইতিহাসে যে সাফল্য এত দিন কেবল স্বপ্নের মতো মনে হতো, সেটিকে বাস্তবে রূপ দিয়েছেন লুইস এনরিকে। ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের পর এবার সেই সাফল্যের স্থপতিকে ধরে রাখতে অভূতপূর্ব এক সিদ্ধান্তের পথে হাঁটছে ফরাসি জায়ান্টরা।
স্প্যানিশ সংবাদমাধ্যম দিওয়ারিও এস–এর প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজি প্রধান কোচ লুইস এনরিকেকে এমন এক চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে, যা ফুটবল ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। এমনকি স্প্যানিশ এই কোচের সঙ্গে ‘আজীবন’ চুক্তির সম্ভাবনাও গুরুত্ব সহকারে বিবেচনা করছে ক্লাবটির শীর্ষ কর্তৃপক্ষ।
২০২৩ সালে ক্রিস্তফ গালতিয়েরকে সরিয়ে পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যান এনরিকে। তাঁর হাত ধরেই গত মৌসুমে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে প্যারিসের ক্লাবটি—যা পিএসজির ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়।
এনরিকের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৪৩ ম্যাচে পিএসজির জয় ৯৮টি, ড্র ২৬টি এবং হার ১৯টি। তার জয়ের হার ৬৮.৫৩ শতাংশ, যা ক্লাবের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সেরা পরিসংখ্যান। যদিও তাঁর বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সাল পর্যন্ত, তবুও আগেভাগেই ভবিষ্যৎ পরিকল্পনা চূড়ান্ত করতে চায় ক্লাবটি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পিএসজির শীর্ষ মহল এনরিকের পারফরম্যান্সে এতটাই সন্তুষ্ট যে তাঁকে ক্লাবের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করছে। ট্রফি জয়ের পাশাপাশি খেলোয়াড় গড়ে তোলা, কৌশলগত দর্শন এবং ক্লাব সংস্কৃতি—সব ক্ষেত্রেই এনরিকের প্রভাবকে স্থায়ী করতে চায় পিএসজি।
মাঠের পারফরম্যান্সও সেই আস্থাকে আরও জোরালো করেছে। গত সপ্তাহে ফরাসি কাপের ম্যাচে পঞ্চম স্তরের ক্লাব ভঁদে ফঁতনে ফুটের বিপক্ষে ৪-০ গোলের জয় পায় পিএসজি। দেজিরে দুয়ে ও উসমান দেম্বেলের একটি করে গোলের সঙ্গে গনসালো রামোসের জোড়া গোলে সহজ জয় নিশ্চিত করে তারা।
ম্যাচ শেষে এনরিক বলেন, কাপ ম্যাচে এমন পরিবেশে খেলাটা সবসময়ই বিশেষ। প্রতিপক্ষের মানের পার্থক্য থাকলেও আমরা ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং খেলোয়াড়রা দায়িত্ব যথাযথভাবে পালন করেছে।
২০২৫ সালকে পিএসজির জন্য ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি আরও বলেন, সাধারণত মৌসুম শেষে মূল্যায়ন করা হয়। তবে ক্যালেন্ডার ইয়ার হিসেবে দেখলে ২০২৫ নিঃসন্দেহে এই ক্লাবের জন্য এক ঐতিহাসিক বছর।
সব মিলিয়ে, পিএসজি এখন শুধু একজন সফল কোচকে ধরে রাখার পরিকল্পনা করছে না; বরং লুইস এনরিককে ঘিরেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পথে এগোচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নে ফুটবল ইতিহাসে নজির গড়া এক চুক্তির জন্ম হতে পারে, যা ইউরোপীয় মঞ্চে পিএসজিকে দীর্ঘদিন শীর্ষে রাখার স্বপ্ন আরও দৃঢ় করছে।
আরটিভি/এসকে




