
বিশ্বকাপ ফুটবল শুরু হতে এখনও ছয় মাস বাকি, কিন্তু ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে নিয়ে এসেছে সুখবর। তার বাঁ-হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সোমবার তার বর্তমান ক্লাব সান্তোস নিশ্চিত করেছে। আধুনিক ‘আর্থ্রোস্কোপিক’ পদ্ধতিতে হাঁটুর মেনিস্কাসের ক্ষত ঠিক করা হয়েছে।
৩৩ বছর বয়সী নেইমারের জন্য চলতি মৌসুমটি ছিল চ্যালেঞ্জিং। ক্লাবের প্রয়োজনে তিনি চোটের সত্বেও মাঠে নামতেন এবং ব্রাজিল শীর্ষ লিগে সান্তোসকে অবনমন থেকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার অস্ত্রোপচারটি করেছেন, যিনি আগে নেইমারের পায়ের হাড় ভাঙা ও ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে গুরুতর এসিএল চোটের অস্ত্রোপচারও সম্পন্ন করেছিলেন। চিকিৎসকদের মতে, নেইমার পুরোপুরি সুস্থ হতে অন্তত এক মাস সময় নেবেন।
সবকিছু ঠিক থাকলে, নেইমার ২০২৬ বিশ্বকাপে কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় ফিরতে চান। প্রায় দুই বছর ধরে জাতীয় দলের জার্সিতে খেলেননি এই ফরোয়ার্ড। তাই বিশ্বকাপে ফেরার লক্ষ্য নিয়েই নিজেকে ফিট করার জন্য শেষ চেষ্টা চালাচ্ছেন তিনি।
এদিকে, চলতি বছরই নেইমারের সান্তোসের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে, তবে নতুন চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানা গেছে।
নেইমারের এই সফল অস্ত্রোপচার বিশ্বকাপের আগে এক বড় সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে।
আরটিভি/এসকে




