
ফুটবলের পরিসংখ্যান ও ইতিহাস সংরক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) প্রকাশিত ২০২৫ সালের বর্ষসেরা কোচের তালিকায় আধিপত্য দেখিয়েছেন স্প্যানিশ কোচরা। ক্লাব ফুটবল ক্যাটাগরিতে সেরা হয়েছেন প্যারিস সাঁ জার্মাঁর (পিএসজি) কোচ লুইস এনরিকে। আর জাতীয় দল ক্যাটাগরিতে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নির্বাচিত হয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
এক দশক পর আবারও ক্লাব ফুটবলের সেরা কোচের স্বীকৃতি পেলেন লুইস এনরিকে। ২০১৫ সালে বার্সেলোনার হয়ে প্রথমবার এই পুরস্কার জেতার পর ২০২৫ সালে পিএসজির দায়িত্বে থেকে অভূতপূর্ব সাফল্য এনে দেন তিনি। তার অধীনে পিএসজি এক মৌসুমে জিতেছে ছয়টি ট্রফি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, লিগ আঁ, কাপ দ্য ফ্রান্স, ট্রফি দ্য চ্যাম্পিয়নস, উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ।
ভোটের ব্যবধানে অন্যদের অনেক পেছনে ফেলেছেন এনরিকে। মোট ২২২ পয়েন্ট পেয়ে তিনি শীর্ষে অবস্থান করেন। দ্বিতীয় স্থানে থাকা ফিফা ক্লাব বিশ্বকাপজয়ী চেলসির ইতালিয়ান কোচ এনজো মারেসকার প্রাপ্তি ৬০ পয়েন্ট। ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন বার্সেলোনার জার্মান কোচ হান্সি ফ্লিক।
জাতীয় দল ক্যাটাগরিতে লুইস দে লা ফুয়েন্তের শ্রেষ্ঠত্বও ছিল স্পষ্ট। তার অধীনে ২০২৫ সালে স্পেন ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘ ১১ বছর পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করে। ১৩৬ পয়েন্ট পেয়ে বর্ষসেরা কোচের স্বীকৃতি পান তিনি। এই তালিকায় ৮৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন উয়েফা নেশনস লিগজয়ী পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। আর ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
জার্মানভিত্তিক আইএফএফএইচএস ফুটবল বিশেষজ্ঞ ও বিভিন্ন দেশের নির্বাচিত প্রতিনিধিদের ভোটের ভিত্তিতে প্রতি বছর ফুটবলের বর্ষসেরা ব্যক্তিদের তালিকা প্রকাশ করে।
আরটিভি/এসকে




