
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর উদ্বোধনী ম্যাচে ব্যাটিং দাপটে রাজশাহী ওয়ারিয়র্সের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে সিলেট টাইটান্স। নির্ধারিত ২০ ওভারে ১৯০ রান সংগ্রহ করে টাইটান্স। ফলে ওয়ারিয়র্সের লক্ষ্য দাঁড়ায় ১৯১ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় স্বাগতিক সিলেট। ওপেনার সাইম আইয়ুব ও রনি তালুকদার পাওয়ার প্লেতে যোগ করেন ৩৬ রান। তবে পঞ্চম ওভারে ১৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৮ রান করে আউট হন সাইম আইয়ুব।
উদ্বোধনী জুটি ভাঙার পর হজরতউল্লাহ জাজাই (২০) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। রনি তালুকদার আফগান ওপেনারের সঙ্গে ৩২ রানের জুটি গড়লেও নিজের ইনিংস বড় করতে পারেননি। ৪১ রান করে রনি ফিরলে চাপ বাড়ে সিলেটের ওপর।
এরপর ব্যাট হাতে ঝড় তোলেন ইমন। আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে ইনিংসের গতি বাড়ান তিনি। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েন ৮৬ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা ভাঙে ইনিংসের শেষ বলে। ইমন মাত্র ২৮ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় নিজের ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত তিনি ৩৩ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন, যার ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছক্কা।
অন্যদিকে আফিফ হোসেন ১৯ বলে ৩৩ রান করে আউট হন।
রাজশাহী ওয়ারিয়র্সের পক্ষে বোলিংয়ে সন্দীপ লামিচানে সবচেয়ে সফল। ৪ ওভারে ৩৮ রান দিয়ে ২টি উইকেট নেন তিনি। এছাড়া বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট শিকার করেন।
আরটিভি/এসকে




