কোচ মাহবুবকে জয় উৎসর্গ ঢাকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০৯:৩৮ পিএম


কোচ মাহবুবকে জয় উৎসর্গ ঢাকার
ছবি: সংগৃহীত

ঢাকা ক্যাপিটালসের জয়ের নেপথ্যে পরিকল্পনাকারী ছিলেন সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। শিষ্যরা তার পরিকল্পনা বাস্তবায়ন করে জয় পেলেও সেই আনন্দ নিজ চোখে দেখে যেতে পারলেন না তিনি। ম্যাচ শুরুর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন মাহবুব। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

বিজ্ঞাপন

তার অনুপস্থিতিতেই মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানান, এই জয় প্রয়াত কোচ মাহবুব আলী জ্যাকিকেই উৎসর্গ করেছে দল।

বিপিএলের শুরুর দিনেই প্রিয় কোচকে হারানো দলটির জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন মিঠুন। তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জ্যাকি স্যার আমাদের বাবার মতো আগলে রাখতেন। তার চলে যাওয়া শুধু আমাদের দলের নয়, পুরো ক্রিকেটের জন্যই অপূরণীয় ক্ষতি। আমরা সব সময় জয়ের জন্য পরিকল্পনা করি, তবে এই জয়টি বিশেষভাবে জ্যাকি স্যারকে উৎসর্গ করছি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।

বিজ্ঞাপন

ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারায় ঢাকা ক্যাপিটালস। ম্যাচসেরা ইমাদ ওয়াসিমের দুর্দান্ত বোলিংয়ে আগে ব্যাট করে রাজশাহী গুটিয়ে যায় ১৩৩ রানে। জবাবে আব্দুল্লাহ আল মামুনের সর্বোচ্চ ৪৫ রান ও শেষ দিকে সাব্বির রহমানের ১০ বলে অপরাজিত ২১ রানের ঝোড়ো ইনিংসে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও শোকের কারণে আনন্দ উদ্‌যাপন করতে পারেননি নাসির হোসেন–সাব্বির রহমানরা।

কোচ মাহবুব আলী জ্যাকির মৃত্যুতে পুরো ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত এই কোচের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সিলেট স্টেডিয়ামে। হাসপাতাল থেকে মরদেহ আনা হলে জানাজায় অংশ নেন ক্রিকেটার, কোচিং স্টাফ ও বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

৫৯ বছর বয়সী মাহবুব আলী জ্যাকি ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটে কোচ হিসেবে যোগ দেন। তিনি ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission