
ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে বিজয় হাজারে ট্রফিকে দারুণভাবে কাজে লাগাচ্ছেন বিরাট কোহলি। টুর্নামেন্টে টানা ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার গড়লেন নতুন এক বিশ্ব রেকর্ড। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার মাইকেল বেভানকে পেছনে ফেলে লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ ব্যাটিং গড়ের মালিক হয়েছেন ভারতীয় এই তারকা।
বেঙ্গালুরুতে গুজরাটের বিপক্ষে ম্যাচে ৬১ বলে ১৩টি চার ও ১টি ছক্কায় ৭৭ রান করেন কোহলি। তার ইনিংসে ভর করে দল ৯ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে। পরে গুজরাটকে ২৪৭ রানে অলআউট করতে গুরুত্বপূর্ণ দুটি ক্যাচ নেন কোহলি। ব্যাটিং ও ফিল্ডিং—দুই বিভাগেই অবদানের জন্য ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
এই ইনিংসের মধ্য দিয়েই লিস্ট এ ক্রিকেটে অন্তত ৫ হাজার রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যাটিং গড়ের রেকর্ড নিজের করে নেন কোহলি। এতদিন এই কীর্তি ছিল অস্ট্রেলিয়ার সাবেক তারকা ফিনিশার মাইকেল বেভানের দখলে। বেভান দীর্ঘদিন ধরে ৫৭.৮৬ গড়ে শীর্ষে ছিলেন, তবে কোহলির গড় এখন ৫৭.৮৭।
এই তালিকায় কোহলি ও বেভানের পরের অবস্থানগুলোতে রয়েছেন ইংল্যান্ডের স্যাম হাইন (৫৭.৭৬), ভারতের চেতেশ্বর পুজারা (৫৭.০১) ও রুতুরাজ গায়কোয়াড় (৫৬.৬৮)। এরপর যথাক্রমে পাকিস্তানের বাবর আজম (৫৩.৮২) ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৫৩.৪৬) অবস্থান করছেন ষষ্ঠ ও সপ্তম স্থানে।
উল্লেখ্য, ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরে আন্ধ্র প্রদেশের বিপক্ষে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন কোহলি। একই সঙ্গে তিনি সবচেয়ে কম ৩৩০ ইনিংসে লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। যেখানে ভারতের আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকারের লেগেছিল ৩৯১ ইনিংস।
ফর্মের তুঙ্গে থাকা কোহলি তাই বিজয় হাজারে ট্রফিতে শুধু রানই করছেন না, একের পর এক রেকর্ড ভেঙে নতুন ইতিহাসও গড়ছেন।
আরটিভি/এসকে




