চিকিৎসা সেবা স্থানান্তরের একটি মানবিক মিশনে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলবর্তী জলসীমায় মেক্সিকান নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) মেক্সিকোর নৌবাহিনী এই ভয়াবহ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। বিমানটিতে মোট আটজন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। খবর আলজাজিরার।
মেক্সিকান নৌবাহিনী সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, মানবিক সহায়তা ও বিশেষায়িত চিকিৎসা পরিবহণ মিশনে নিয়োজিত ওই বিমানটিতে চারজন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি পাঁচজন প্রাণ হারান।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, বিমানটি মেক্সিকোর ইউকাটান অঙ্গরাজ্যের মেরিদা বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। টেক্সাসের গ্যালভেস্টনের কাছে পৌঁছানোর সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে আছড়ে পড়ে। মিশনটি মূলত গুরুতর দগ্ধ শিশুদের সুচিকিৎসার জন্য কাজ করা একটি মেক্সিকান ফাউন্ডেশনের সাথে সমন্বয় করে পরিচালিত হচ্ছিল।
দুর্ঘটনার পরপরই মার্কিন ও মেক্সিকান উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে। উদ্ধার হওয়া চারজনকে উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরটিভি/এআর





