
ব্রিসবেন ইন্টারন্যাশনালে শিরোপা জয়ের আনন্দে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে এক মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিলেন আরিনা সাবালেঙ্কা। বিশ্ব টেনিসের এক নম্বর তারকার কথায় অনেকেই ধারণা করছেন, বয়ফ্রেন্ড জর্জিওস ফ্রাঙ্গুলিসকে কি তবে বাগদানের ইঙ্গিত দিলেন এই বেলারুশিয়ান?
ট্রফি হাতে বক্তব্য দিতে গিয়ে সাবালেঙ্কা প্রথমে তার টিমকে ধন্যবাদ জানান। এরপর প্লেয়ার্স বক্সে থাকা ফ্রাঙ্গুলিসের দিকে তাকিয়ে বলেন, আমার বয়ফ্রেন্ডকে ধন্যবাদ। আশা করি, খুব শিগগিরই আমি তোমাকে ভিন্ন কিছু বলে ডাকতে পারব। চলো, তোমার ওপর একটু বাড়তি চাপ দিই। তার এই কথাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জল্পনা-কল্পনা।
ব্রাজিলিয়ান উদ্যোক্তা জর্জিওস ফ্রাঙ্গুলিস ওকাবেরির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ২০২৪ সালে সাবালেঙ্কার সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে আসে। এরপর থেকেই সাবালেঙ্কার ম্যাচে গ্যালারিতে নিয়মিত দেখা যায় তাকে।
কোর্টের পারফরম্যান্সেও দুর্দান্ত সময় কাটছে সাবালেঙ্কার। এবারের ব্রিসবেন ইন্টারন্যাশনালে একটি সেটও না হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ফাইনালে মার্তা কসতিউককে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্টের শিরোপা জিতলেন সাবালেঙ্কা। এটি তার ক্যারিয়ারের ২২তম একক ট্রফি।
আরটিভি/এসকে




