
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা বৈঠকটি।
রোববার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ (রোববার) সন্ধ্যা ৬টায় পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভা হওয়ার কথা রয়েছে। সেখানেই পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
এর আগে গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে পিসিবি চেয়ারম্যান জানান, বিশ্বকাপ ইস্যুতে আগামী শুক্রবার অথবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ফলে আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে।
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টুর্নামেন্ট বয়কট করার ইঙ্গিত দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
আরটিভি/এসআর



