ফাইনালের আগেই ছিটকে পড়লেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৪৭ পিএম


ফাইনালের আগেই ছিটকে পড়লেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
ছবি: সংগৃহীত

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ফাইনালের মঞ্চে ওঠা হলো না বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের। চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ৬০ মিটার স্প্রিন্ট ইভেন্টে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে এই বাংলাদেশি স্প্রিন্টারকে।

বিজ্ঞাপন

প্রথমে হিট পর্বে ৬.৭৩ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে দ্বিতীয় হন ইমরানুর। ওই হিটে ৬.৬৭ সেকেন্ডে প্রথম হন জাপানের কিরিউ ইয়োশিহিদে। নিয়ম অনুযায়ী, প্রতি হিটের শীর্ষ চারজন অ্যাথলেট সেমিফাইনালে জায়গা করে নেন।

সেমিফাইনালে ইমরানুর অংশ নেন প্রথম হিটে। সেখানে ৬.৭৫ সেকেন্ড সময় নিয়ে তিনি তৃতীয় হন। এই হিটে ৬.৬৮ সেকেন্ডে প্রথম হন উত্তর কোরিয়ার কুম রিয়ং জো এবং ৬.৭৪ সেকেন্ডে দ্বিতীয় হন জিনজিয়ান হি। তবে ফাইনালে ওঠার জন্য প্রয়োজনীয় টাইমিংয়ের তুলনায় পিছিয়ে পড়ায় শেষ আটে জায়গা করে নিতে পারেননি ইমরানুর। ফাইনালে ওঠা সেরা নয়জন অ্যাথলেটের মধ্যে শেষ জনের টাইমিং ছিল ৬.৭৪ সেকেন্ড।

বিজ্ঞাপন

এর আগে ২০২৩ সালে কাজাখস্তানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন ইমরানুর রহমান। সেটিই এখন পর্যন্ত এশিয়ার শীর্ষ পর্যায়ে বাংলাদেশের অ্যাথলেটিকসের সর্বোচ্চ সাফল্য। ২০২৪ সালে ইরানের তেহরানে অনুষ্ঠিত আসরে তিনি চতুর্থ স্থান অর্জন করেছিলেন। তবে এবারের আসরে ফাইনালেই পৌঁছাতে না পারায় কিছুটা হতাশ ইমরানুর।

আরও পড়ুন

প্রতিযোগিতা শেষে তিনি বলেন, দুঃখজনকভাবে আমি পারিনি (ফাইনালে উঠতে), এর জন্য ক্ষমাপ্রার্থী। প্রায় দুই বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় না খেলার পরও ইতিবাচক দিক হলো এবার অন্তত কোনো চোট পাইনি। সামনে আরও ইভেন্ট আছে, নিজেকে গড়ে তোলার সুযোগ রয়েছে। আপনাদের সবার সমর্থনের জন্য ধন্যবাদ। খুব শিগগিরই দেখা হবে, ইনশাআল্লাহ। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission