বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:১৩ পিএম


বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলো অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

অবশেষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড। দীর্ঘদিন ধরেই তার বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। শুক্রবার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিশ্চিত করেছে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপে খেলতে পারবেন না ৩৫ বছর বয়সী এই পেসার।

বিজ্ঞাপন

হ্যাজেলউডের অনুপস্থিতিতে ২০১১ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেলতে যাচ্ছে তাদের তিন সেরা পেসার জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে ছাড়াই। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত বছরের নভেম্বর থেকেই মাঠের বাইরে হ্যাজেলউড। যদিও তাকে অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ দলে রাখা হয়েছিল, তবে তার ফিটনেস নিয়ে শঙ্কা কাটেনি।

এর আগে জাতীয় দলের নির্বাচক টনি ডোডেমাইড জানিয়েছিলেন, বিশ্বকাপে হ্যাজেলউড খেলতে পারেন—তবে প্রথম কয়েকটি ম্যাচে তাকে পাওয়া নাও যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সেই আশায় জল ঢেলে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি।

বিজ্ঞাপন

হ্যাজেলউডের আগেই ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান অধিনায়ক প্যাট কামিন্স। আর গত বছরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন মিচেল স্টার্ক। ফলে ২০১১ বিশ্বকাপের পর প্রথমবার অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে দেখা যাবে না এই তিন তারকা পেসারকে।

হ্যাজেলউডের ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ আরও দুর্বল হয়ে পড়েছে। সদ্য পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হওয়া দলটি এখন অনেকটাই নির্ভর করবে তরুণ খেলোয়াড়দের ওপর। তবে সাব-কন্টিনেন্টের কন্ডিশন বিবেচনায় এবার বিশ্বকাপ দলে স্পিন বিভাগে বেশি গুরুত্ব দিয়েছে অস্ট্রেলিয়া। দলটিতে রাখা হয়েছে দুইজন অভিজ্ঞ স্পিনার ও দুইজন স্পিন অলরাউন্ডার, যাদের ওপরই এখন বড় ভরসা অজিদের।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া দল: মিচ মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, বেন ডোয়ার্শুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।
ভ্রমণকারী রিজার্ভ: শন অ্যাবট।    

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission