ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ইশান মালিঙ্গা, তার বদলি ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম
ছবি : সংগৃহীত

কাঁধের চোটের কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার ইশান মালিঙ্গা। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আরেক পেসার প্রমোদ মাদুশান। তথ্য নিশ্চিত করেছে জিও সুপার।

চলতি মাসের শুরুতেই মালিঙ্গার বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কাঁধে গুরুতর চোট পান তিনি। বৃষ্টিবিরতির পর বল করতে এসে প্রথম ডেলিভারিতেই কাঁধে হাত চেপে ধরেন মালিঙ্গা এবং ফলো-থ্রু শেষ করার আগেই মাটিতে লুটিয়ে পড়েন। ওই চোটের কারণে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি।

ডানহাতি এই পেসার ২০২৫ আইপিএলে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে শ্রীলঙ্কার পেস আক্রমণে দ্রুত নিজের জায়গা করে নেন। গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত আটটি ম্যাচে ৯.৪১ ইকোনমি রেটে আটটি উইকেট শিকার করেছেন মালিঙ্গা।

তার পরিবর্তে দলে সুযোগ পাওয়া প্রমোদ মাদুশানও আটটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ফাস্ট বোলার সর্বশেষ ২০২৩ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেন। এই সংস্করণে তার ঝুলিতে রয়েছে ৮.৬৩ ইকোনমি রেটে ১২টি উইকেট।

আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা তাদের অভিযান শুরু করবে ৮ ফেব্রুয়ারি, কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ বি-তে থাকা শ্রীলঙ্কা পর্বটিতে ওমান, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের মুখোমুখি হবে।

শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল জনিথ পেরেরা, চরিথ আসালঙ্কা, জনিথ লিয়ানাগে, পাভান রথনায়াকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, মহীশ থিকশানা, দুষ্মন্থ চামিরা, মাথিশা পাথিরানা ও প্রমোদ মাদুশান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লোপেজের জোড়া গোলে অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। কাতালানদের জয়ের নায়ক ফারমিন লোপেজ, করেছেন জোড়া গোল।
লোপেজের জোড়া গোলে অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ
প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত করার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। সে ক্ষেত্রে রোববার (৮ নভেম্বর) ভুটান এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ওপর নির্ভর করছিল বাংলাদেশের সেমিফাইনাল। ভুটান এই ম্যাচে জিতলে বাংলাদেশকে শেষ ম্যাচের জন্য অপেক্ষায় থাকতে হতো। রোববার জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে মাঠে নামে শ্রীলঙ্কা ও ভুটান। দুই দলের লড়াই দেখতে ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। পরের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। তাই প্রতিপক্ষকে সরাসরি দেখার সুযোগটাও কাজে লাগিয়েছেন তিনি। ভুটানের বিপক্ষে শুরুতে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল শ্রীলঙ্কার। ১৩ মিনিটে অলিভার কেলার্টের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর একাধিক আক্রমণ করেও গোল পাচ্ছিল না দলটি। উল্টো ৩৪ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে এক মিনিট পরই দূরপাল্লার শটে সমতা ফেরান কেলার্ট। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে ওয়াসিম রাজিকের হেডে ২-১ ব্যবধানে এগিয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েও শুরুতে কাজে লাগাতে পারেনি ভুটান। ৬৮ মিনিটে পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন চেনচো গিলশেন। তবে ৭৬ মিনিটে দুর্দান্ত এক গোলে সেই আক্ষেপ ঘোচান ভুটানের এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। এই ফলে শ্রীলঙ্কা ও ভুটানের পয়েন্ট দাঁড়িয়েছে ১ করে। অন্যদিকে প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে বাংলাদেশের পয়েন্ট ৩। ‘এ’ গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচের আগেই সেমিফাইনালের টিকিট পেয়ে গেছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচে এখন গ্রুপসেরা হওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। ভুটান অপেক্ষায় আছে সেই ম্যাচে বাংলাদেশের জয়ের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের আক্রমণভাগ নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, দলটিতে ১৯ জন বংশোদ্ভূত ফুটবলার রয়েছেন, যাঁদের অনেকেই অস্ট্রেলিয়া, জার্মানি ও সাইপ্রাসের লিগে খেলেন। প্রকৃত স্ট্রাইকার না থাকার সমস্যা নিয়ে ডুলিও অকপট। তিনি বলেন, নম্বর নাইন না থাকলে কঠিন হয়ে পড়ে। আপনাকে আঘাত করার মানসিকতা থাকতে হবে, আক্রমণাত্মক হতে হবে, চাপ সৃষ্টি করতে হবে। কারণ, ওদের মতো খেলোয়াড়দের বিপক্ষে আপনি যখন খেলবেন, তখন আপনাকে শক্ত হতেই হবে, নতুবা গোলকিপার বেরিয়ে আসবে। তাই আপনি যদি সেখানে যেতে ভয় পান, তবে আপনার কাউকে নেওয়ারই দরকার নেই। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে ফিরবেন মিডফিল্ডার হামজা চৌধুরী ও ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। আগামীকাল দেশে আসবেন তারা। আরটিভি/টিআর
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ
ব্রাজিল ও উরুগুয়েকে ডেকে এনে মহাবিপদে ভারত, দেনায় ডুবছে ফেডারেশন
ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দলকে আমন্ত্রণ জানিয়ে বড় আয়োজন করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। আর তাতেই বিপাকে পড়েছে ভারত। দুটি প্রীতি ম্যাচের পুরো পারিশ্রমিক এখনও বুঝে পায়নি ব্রাজিল ও উরুগুয়ে।  গত ৩ নভেম্বর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এরপর ৬ নভেম্বর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে মাঠে মাঠে নামে ভারত। দুটি ম্যাচই হয়েছিল কলকাতায়।  এর আগে ২৫ সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে পানামার বিপক্ষেও একটি ম্যাচ খেলেছিল তারা। পানামা পুরো পারিশ্রমিক বুঝে পেলেও ব্রাজিল ও উরুগুয়ে এখন পর্যন্ত পাওনা অর্থের অর্ধেক পেয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের কাছে প্রায় ১৯ কোটি রুপি এবং উরুগুয়ের কাছে ৪ কোটি ৭০ লাখ রুপি দেনা রয়েছে এআইএফএফের। মূলত টিকিট বিক্রি থেকে প্রত্যাশিত আয় না হওয়ায় আর্থিক সংকটে পড়েছে এআইএফএফ। ম্যাচগুলো থেকে ৩০ থেকে ৪০ কোটি রুপি আয়ের আশা করেছিল ভারত। কিন্তু টিকিটের চড়া দামের কারণে দর্শকদের আগ্রহ প্রত্যাশা অনুযায়ী ছিল না। পরে কলকাতার তিন ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকদের জন্য ছাড়ে টিকিট বিক্রি করা হয়। ব্রাজিলের ম্যাচে চালু করা হয় একটি কিনলে আরেকটি বিনা মূল্যে পাওয়ার অফারও। এমন পরিস্থিতিতে বকেয়া পরিশোধ করতে মেয়াদ শেষ হওয়ার আগেই ২০ কোটি রুপির একটি স্থায়ী আমানত ভাঙার প্রস্তাব দিয়েছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। কিন্তু সভায় সদস্যরা এর বিরোধিতা করেন।  তাদের যুক্তি, জরুরি প্রয়োজন ছাড়া এই অর্থ ব্যবহার করা উচিত নয়। ফেডারেশনের সহসভাপতি এনএ হারিসও মনে করিয়ে দেন, স্থায়ী আমানত থেকে অর্থ না তোলার সিদ্ধান্ত আগেই নিয়েছিল নির্বাহী কমিটি। স্থায়ী আমানতটি করা হয়েছিল প্রফুল প্যাটেলের সভাপতিত্বের সময়। ভার্চুয়াল সভায় উপস্থিত প্যাটেলও আমানত ভাঙার প্রস্তাবের বিরোধিতা করেন। পরে বকেয়া পরিশোধের বিষয়টি খতিয়ে দেখতে হারিসের নেতৃত্বে একটি বিশেষ দল গঠনের সিদ্ধান্ত হয়। এদিকে টিকিট বিক্রির অংশীদারের কাছ থেকে পাওয়া ২৫ কোটি রুপির অগ্রিম অর্থের একটি অংশও ফেরত দিতে হতে পারে ফেডারেশনকে। কারণ, ওই অর্থ ছিল শর্তসাপেক্ষে ফেরতযোগ্য অগ্রিম। ভারতে প্রথমবার খেলতে এসে তারকাখচিত দল নিয়ে এসেছিল ব্রাজিল। দলে ছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস, পিএসজির অধিনায়ক মারকিনিয়োস ও চেলসির এস্তেভাও।  এত বড় তারকাদের উপস্থিতি সত্ত্বেও ম্যাচ আয়োজনের আর্থিক দায় মেটাতে এখন চ্যালেঞ্জের মুখে ভারতীয় ফুটবল ফেডারেশন। দেনা পরিশোধ করতে সময় বাড়ানোর আবেদনও করেছে তারা। আরটিভি/এসআর
ব্রাজিল ও উরুগুয়েকে ডেকে এনে মহাবিপদে ভারত, দেনায় ডুবছে ফেডারেশন
হামজা-ফারহান কবে বাংলাদেশে আসবে জানাল বাফুফে
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও একাদশ সাজাতে হিমশিম খাচ্ছেন কোচ থমাস ডুলি। দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে মাঠে মিস করছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। শনিবার (৮ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, ফিফা উইন্ডো বা অন্যান্য কারণে স্কোয়াডের যে দুজন খেলোয়াড় এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি, তাদের মধ্যে বহুল প্রতীক্ষিত হামজা চৌধুরী এবং ফারহান আলী আগামী ৯ নভেম্বর ঢাকায় এসে পৌঁছাবেন। এবং সেদিনই তাদের অনুশীলনে দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। শেখ মোরসালিন প্রথম ম্যাচে ২৩ জনের স্কোয়াডে ছিলেন না। তবে পরের ম্যাচে খেলতে আশাবাদী তিনি। এছাড়া হামজা ও ফারহান যোগ দিলে দলের শক্তি বাড়বে বলে মনে করেন আবাহনীর এই মিডফিল্ডার। মোরসালিন বলেন, আমরা অবশ্যই এটা নিয়ে খুবই আশাবাদী। হামজা ভাই, ফারহান আসলে দলের যে স্পিরিট ছিল আশা করছি সেটি আরো বাড়বে, ইনশাআল্লাহ। এদিকে গত ম্যাচে সেরা একাদশে থাকলেও ওয়ার্মআপের সময় হঠাৎ ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ।  তার বর্তমান অবস্থা নিয়ে ম্যানেজার আমিরুল ইসলাম বলেন, বিদেশি ফিটনেস ট্রেনারের নিবিড় পর্যবেক্ষণে তপু বর্মণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আগামী ১১ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কোচ যদি প্রয়োজন মনে করেন, তবে তাকে খেলাতে পারেন। আরটিভি/এসআর
হামজা-ফারহান কবে বাংলাদেশে আসবে জানাল বাফুফে
আরও পড়ুন
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের