
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন। সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪.৩০ পর্যন্ত। দেশের বিভিন্ন অঞ্চলে ভোটকেন্দ্রে ভোটাররা অংশগ্রহণ করছেন, যার মধ্যে রয়েছেন পরিচিত খেলোয়াড়রাও।
নিজ এলাকা চট্টগ্রাম থেকে ভোট দিয়েছেন ব্যাটসম্যান তামিম ইকবাল। এছাড়া ভোট দিয়েছেন নুরুল হাসান সোহান এবং আকবর আলি। ফেনী থেকে ভোট দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
নিজের ফেসবুক পোস্টে সাইফউদ্দিন লিখেছেন, অবশেষে ভোট দিলাম যেখানে আমার শৈশব কেটেছে, মাটির গন্ধে বড় হওয়া সেই চেনা জায়গাতেই। এটা শুধু একটা ভোট নয়, নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি, নিজের দায়িত্বকে অনুভব করার এক নীরব গর্ব। ছোটবেলার স্মৃতি আর আজকের সিদ্ধান্ত একসাথে মিলেই আজকের দিনটা আমার কাছে আলাদা।
অন্যদিকে, অদম্য কাপে খেলা মাহমুদুল হাসান জয়ও নিজের প্রথম ভোট দিয়েছেন। যদিও শেষ ফাইনাল ম্যাচে তিনি ইনজুরির কারণে অংশ নিতে পারেননি। আজ হাতের ব্যান্ডেজ নিয়েই জয় কেন্দ্রে এসে ভোট প্রদান করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
আরটিভি/এসকে




