ক্রিকেটারদের চেয়ে নির্বাচকদের বেশি জরিমানা করা উচিত: আমির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ০২:১১ পিএম


ক্রিকেটারদের চেয়ে নির্বাচকদের বেশি জরিমানা করা উচিত: আমির
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে পাকিস্তান দলের ক্রিকেটারদের জরিমানা করার খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের বদলে নির্বাচকদের জবাবদিহির আওতায় আনার দাবি তুলেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির।

বিজ্ঞাপন

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এর খবরে বলা হয়েছে, বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বোর্ড।

সুপার এইট পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিদায় নেয় পাকিস্তান। রান রেটের দিক থেকে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় দলটিকে। এই ব্যর্থতার পরই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

বিজ্ঞাপন

এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আমির বলেন, জরিমানাই যদি সবকিছুর সমাধান হয়, তাহলে সেটা নির্বাচক থেকে শুরু করে প্রশাসন সবার ওপরই প্রয়োগ করা উচিত। খেলোয়াড়দের তো আর বন্দুক ধরে মাঠে নামানো হয়নি। ভুল কম্বিনেশনের দায় নির্বাচকদেরও নিতে হবে। তাদের জরিমানা দ্বিগুণ করুন। সব সময় খেলোয়াড়দের বলির পাঁঠা বানানো বন্ধ করতে হবে।

তিনি আরও প্রশ্ন তোলেন, যেসব ক্রিকেটার পুরো টুর্নামেন্টে নিয়মিত সুযোগ পাননি, তাদেরও কি একইভাবে শাস্তি দেওয়া হবে? ফখর জামান বা সাহিবজাদা ফারহানের মতো খেলোয়াড়দের উদাহরণ টেনে আমির বলেন, সঠিক দল নির্বাচন না হলে দায়ভার কেবল মাঠের খেলোয়াড়দের ওপর চাপানো ঠিক নয়।

বিজ্ঞাপন

জরিমানার পরিবর্তে কাঠামোগত সংস্কারের ওপর জোর দেন এই বাঁহাতি পেসার। তার মতে, জরিমানা কোনো স্থায়ী সমাধান নয়। ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ বাড়াতে হবে। সেখান থেকেই মানসম্পন্ন খেলোয়াড় উঠে আসে। কারও পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে জরিমানা নয়, দল থেকে বাদ দিন। এরপর তাকে টানা দুই বছর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করতে দিন। দল থেকে বাদ পড়াই একজন খেলোয়াড়ের জন্য সবচেয়ে বড় শাস্তি। 

আরও পড়ুন

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে নতুন মাত্রা যোগ করল আমিরের এই মন্তব্য। এখন দেখার বিষয়, পিসিবি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা ব্যাখ্যা দেয় কি না।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission