
২১ মার্চ ৩৮তম জন্মদিন পালন করেছেন। ১৯৮০ সালে ব্রাজিলের পোর্ত আলেগ্রেতে জন্ম নেয়া এই ফুটবলারের ক্যারিয়ার শুরু হয় স্থানীয় গ্রেমিও ক্লাবে। সেখান থেকে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) হয়ে বার্সেলোনায় যোগ দেন। স্প্যানিশ ক্লাবটিতে আসার পর নিজেকে তুলে নিয়েছেন ফুটবলের সর্বোচ্চ উচ্চতায়। ২০০২ সালে বিশ্বকাপ জয়ী এই তারকার নাম রোনালদিনহো। ফুটবলের মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেও প্রাণপ্রিয় এই খেলার আশেপাশেই থাকেন সবসময়। তবে এবার শুরু করছেন নতুন অধ্যায়। বিশ্বের অন্যতম সেরা এই প্লে-মেকার মানবসেবার জন্য নাম লিখিয়েছেন রাজনীতিতে। এমনকি মনোনয়নপত্রও সংগ্রহ করে ফেলেছেন সাম্বা কিং।
--------------------------------------------------------
আরও পড়ুন: স্মিথদের কঠোর শাস্তি চান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
--------------------------------------------------------
চলতি বছরের অক্টোবরে দেশটির সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রোনালদিনহো। ব্রাজিলিয়ান রিপাবলিকান পার্টির (পিআরবি) মুখপাত্র কালোর্স গোমেজের বরাতে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এই তথ্যটি নিশ্চিত করেছেন।
২০১৪ বিশ্বকাপ ও ২০১৬ অলিম্পিক আয়োজনের পর বেশ বড় ধরনের অার্থিক সংকটে পড়ছে দেশটি। এরই প্রেক্ষিতে তৎকালীন প্রেসিডেন্ট দিলমা রৌসেফ অভিশংসিত হন। পরে দেশটির ক্ষমতায় আসেন মাইকেল তেমের। এবার মন্দা থেকে ঘুরে দাঁড়াতে চায় দেশটি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পার্টির কাছে তার পক্ষ থেকে যে সব কাগজপত্র জমা দিতে হবে, সেগুলোয় অনুমোদন পেয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক বার্সা তারকা বলেন, এমন একটি প্রজেক্টে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। এখানে রয়েছে মানুষের মধ্যে আনন্দ এবং সু-স্বাস্থ্যের সর্বোচ্চ ব্যবস্থা করা। একইসঙ্গে আমাদের দেশটির উন্নতি এবং আধুনিকতার সর্বোচ্চ বাস্তবায়ন ঘটানোর।
এর আগে চলতি মাসে রাজনীতিতে নিজের নাম লেখান ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা রোমোরিও । গত ১৭ মার্চ রিও ডি জেনেরিওর গর্ভনর পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন:
ওয়াই/এ




