
২০১৩ সালে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া দলের বিশৃঙ্খলাজনিত এক ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাডারল্যান্ড গিয়েছিলেন ইংল্যান্ডে। তৎকালীন কোচ মিকি আর্থারকে অপসারণ করে সে সময় দায়িত্ব দেয়া হয় বর্তমান কোচ ড্যারেন লেম্যানকে। এবার বল টেম্পারিং কাণ্ডে সাডারল্যান্ড দক্ষিণ আফ্রিকায়। ইংল্যান্ডের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানাচ্ছে, বল বিকৃতি কাণ্ডে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেহম্যানও।
এদিকে শুক্রবার দক্ষিণ আফিকার বিরুদ্ধে চতুর্থ চেস্টের আগেই তিনি কোচের পদ থেকে ইস্তফা দেবেন বলে খবর প্রকাশ করেছে ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ। এছাড়া অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রাফট সহ ট্যাম্পারিংয়ে যুক্ত সব খেলোয়াড়ই সিএ'র দেয়া শাস্তির মুখে পড়বেন।
শনিবার কেপটাউনে তৃতীয় টেস্টের সময়ে বল বিকৃতির চেষ্টায় ধরা পড়েন অস্ট্রেলিয়ান ওপেনার ক্যামেরন ব্যানক্রাফট। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বল বিকৃতির সে অভিযোগ মেনে নেন ব্যানক্রাফট ও দলীয় অধিনায়ক স্টিভ স্মিথ। যদিও অধিনায়ক বলেছিলেন এই ঘটনায় কোচ লেহম্যানের কোনও হাত ছিল না। লিডারশিপ গ্রুপের সিদ্ধান্তেই বল টেম্পারিং করার চেষ্টা করা হয়েছিল। তার পরেই তোলপাড় শুরু হয় ক্রিকেট বিশ্বে। এরপরই দক্ষিণ আফ্রিকায় তদন্ত দল পাঠায় সিএ। সাডারল্যান্ডও চলে আসেন সেখানে।
--------------------------------------------------------
আরও পড়ুন: স্মিথ-ওয়ার্নারদের আইপিএলে নিষিদ্ধের দাবি
--------------------------------------------------------
আইসিসির পক্ষ থেকে স্মিথকে ৪টি ডিমেরিট পয়েন্ট দিয়ে সিরিজের শেষ টেস্টে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জরিমানা করা হয়েছে পুরো ম্যাচ ফি। ব্যানক্রাফটকে ৭৫ শতাংশ ম্যাচ ফি'র পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। আর সিএ'র তদন্ত কমিটি তাদের রিপোর্ট প্রকাশ করার পর বুধবার সকালে বোর্ডটির পক্ষ থেকে জড়িত সবার শাস্তি ঘোষণা করা হবে।
এই বিতর্কের আঁচ থেকে বাচতে পারেননি কোচ ড্যারেন লেহম্যানও। সাবেক অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক তাকে উদ্দেশ্য করে বলেন, এই ঘটনা জানুন বা না জানুন, কোচ হিসেবে লেহম্যানও সমান দোষী। দলের প্রত্যেক খেলোয়াড়ের উপরে তার নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। তিনি যদি নিজের সেই দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে অন্যদের থেকে তিনি কম দোষী নন।
অসি কোচ লেহম্যানের বিরুদ্ধে অভিযোগ, বল বিকৃতির ঘটনা সামনে আসার পর সেটা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিলেন তিনি। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি অস্ট্রেলিয়ান কোচ।
২০১৩ সালে অস্ট্রেলিয়া দলের দায়িত্ব আসে ড্যারেন লেহম্যানের উপরে। কোচ হিসেবে খুবই সফল তিনি। তার তত্ত্বাবধায়নেই ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়সহ দুইবার অ্যাশেজ সিরিজ ঘরে তুলেছে টিম অস্ট্রেলিয়া।
তবে খেলার দিক থেকে উন্নতি হলেও তার নেতৃত্বে থাকাকালীন দলীয় খেলোয়াড়দের ব্যবহার অধঃপতনের দিকে গেছে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। এদিকে দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল মঙ্গলবার জানিয়েছেন, তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পিভারের সঙ্গে কথা বলেছেন। বল বিকৃতি কাণ্ডের যাতে দ্রুত মিমাংসা হয় তারই নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে লেহম্যান মঙ্গলবারই পদত্যাগ করবেন বলে জানাচ্ছে ইংলিশ সংবাদমাধ্যমগুলো। কোচের দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত রাখা হয়েছে সাবেক অসি ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গারকে। তাদের আরো খবর অনুযায়ী, স্মিথকে চিরতরে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব থেকে নিষিদ্ধ করা হতে পারে। এখন অপেক্ষা শুধু অফিসিয়াল ঘোষণার।
আরও পড়ুন:
এএ/ওয়াই




