জাঙ্গুর সেঞ্চুরিতে সিলেটে উড়ন্ত শুরু ওয়েস্ট ইন্ডিজের, হতাশ টাইগাররা
মিরপুর টেস্টে হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ দল। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সিলেট টেস্টে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু প্রথমদিনে হতাশা নিয়ে ফিরতে হয়েছে তাদের। জাঙ্গুর সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় টেস্টে উড়ন্ত শুরু পেয়েছে ক্যারিবিয়ানরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৭০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান। আলোর স্বল্পতার কারণে শেষ সেশনে দ্বিতীয়বার খেলা বন্ধ হওয়ার পর আম্পায়াররা দিনের খেলার আগেভাগে সমাপ্তি ঘোষণা করেন।
জাঙ্গু ১১১ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে গ্রিভস অপরাজিত ৩৫ রানে। দিনের শুরুটা অবশ্য ওয়েস্ট ইন্ডিজের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। শুরুতেই আঘাত হানেন তাসকিন। ব্র্যান্ডন কিংকে ৯ রানে বোল্ড করেন তিনি।
তার পর কাভেম হজকে বোল্ড করেন হাসান। জশুয়া ডা সিলভাকে দ্রুত সময়ে তাসকিন এলবিডাব্লিউ করলে ২৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ। তার পর কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গুর ব্যাটে ম্যাচে ফেরে তারা।
চাপ সামাল দিতে জাঙ্গুর সঙ্গে জুটি বাঁধেন অভিষিক্ত কেভিন উইকহ্যাম। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েন ১৩১ রানের দারুণ জুটি। অভিষেক টেস্টে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ৬১ রান করেন উইকহ্যাম। দ্বিতীয় সেশনে শেষ পর্যন্ত তাকে বোল্ড করে জুটি ভাঙেন হাসান মাহমুদ।
তবে সেটিই ছিল দিনের বাকি সময়ে বাংলাদেশের শেষ সাফল্য। এক প্রান্ত আগলে রেখে তার পর জাঙ্গু তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। অন্য প্রান্তে দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করেন গ্রিভস। পঞ্চম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটিতে আরও শক্ত অবস্থানে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
তিন স্পিনার নিয়েও এরপর আর কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। পতন হওয়া ৪ উইকেটের মধ্যে হাসান নিয়েছেন দুটি। বাকি দুটি নিয়েছেন তাসকিন আহমেদ।
আরটিভি/এসআর
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে রেকর্ড গড়া ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত দীর্ঘ এক ভিডিওতে সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদো।
তিনি বলেন, ‘আমি কখনোই ভাবিনি জার্সিটি শুধু আমার একার। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব পেয়েছি। সময় এসেছে জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার।’
পর্তুগালের হয়ে রেকর্ড ২৩৪টি ম্যাচ খেলেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যাও রেকর্ড ১৪৬টি। এ দুই কীর্তি নিয়েই দেশের হয়ে বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি টানলেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার।
আরটিভি/এসআর
ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন
আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ প্রত্যাবর্তনের স্বীকৃতিস্বরূপ ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডান-হাতি পেসার ওলি রবিনসন।
২০২১ সালে টেস্ট দিয়ে অভিষেকের পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেন রবিনসন। তবে দুই বছর চার মাস পর আবারও ইংল্যান্ড দলে সুযোগ পান রবিনসন। ২০২৬ সালের জুনে দলে ফিরেই বল হাতে চমক দেখান তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৫ ও ২ উইকেট নেন রবিনসন। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টের ছয় ইনিংসে ২১ উইকেট শিকার করেন।
চলতি বছর চার টেস্টে অসাধারণ বোলিং পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ লর্ডসে আয়োজিত ‘ভাইটালিটি ক্রিকেট মিডিয়া ক্লাব অ্যাওয়ার্ড’-এ বর্ষসেরা ক্রিকেটার হিসেবে রবিনসনের নাম ঘোষণা করা হয়।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বব উইলিসের নামে এই ট্রফি দেওয়া হয়। ট্রফি জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে ৩২ বছর বয়সী রবিনসন বলেন, এই পুরস্কার পাওয়াটা অনেক বড় সম্মানের। দীর্ঘ সময় ইংল্যান্ড দলের বাইরে থাকার পর ফিরে এসে এবারের গ্রীষ্মে যে পারফরমেন্স দেখাতে পেরেছি, তা আমার কাছে বিশেষ কিছু।
তিনি আরও বলেন, এই যাত্রাপথে কিছু কঠিন মুহূর্তও ছিল, এ কারণে এমন স্বীকৃতি পাওয়ার গুরুত্ব আরও বেড়ে যায়। ইংল্যান্ডের হয়ে আবারও খেলতে পারাটা দারুণ উপভোগ করেছি এবং আশা করি সামনে আরও অনেক কিছু অর্জন করার সুযোগ পাব।
এদিকে, বর্ষসেরা তরুণ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মিডলসেক্সের পেসার নাভিয়া শর্মা। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচে ৩৫ উইকেট নিয়ে মিডলসেক্সের ওয়ানডে কাপ জয়ে অবদান রাখেন তিনি। বর্তমানে ইংল্যান্ড লায়ন্স দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন ২১ বছর বয়সী এই পেসার।
আরটিভি/এসআর
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান
শেষ দল হিসেবে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ওমান। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর আট দলের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকায় বাছাই পর্বের টিকিট পায় ওমান।
বুধবার (৪ নভেম্বর) রাতে লিগ-২ এর শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৪২ রানে হারে ওমান। ৩৬ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট আছে ওমানের। একই চিত্র নামিবিয়ারও। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় চতুর্থ স্থানে থেকে ওমান বিশ্বকাপের বাছাই পর্বে জায়গা করে নেয়।
ওমানের রান রেট -০.২২৪। পঞ্চম স্থানে থাকা নামিবিয়ার রান রেট -০.২২৪। তবে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে খেলবে বিশ্বকাপের যৌথ আয়োজক নামিবিয়া। লিগ ২-এ পয়েন্ট টেবিলের শেষ চার দল হিসেবে নামিবিয়ার সঙ্গে প্লে-অফে খেলবে- নেপাল, আরব আমিরাত ও কানাডা।
লিগ-২ এর পয়েন্ট টেবিলের প্রথম চার দল সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে। সেরা চারের মধ্যে থেকে ওমানের পাশাপাশি বাছাই পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।
সমান ৩৬ ম্যাচ খেলে যুক্তরাষ্ট্র ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে, স্কটল্যান্ড ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং নেদারল্যান্ডস ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল।
আগামী বছর ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ১৪টি দল নিয়ে ১২টি ভেন্যুতে মোট ৫৭ ম্যাচ হবে।
আরটিভি/এসআর
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
আরও পড়ুন
বিমানবন্দরে লাগেজ নিয়ে আগের মতো এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী
সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা