ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ এএম
ছবি: সংগৃহীত

মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি। মাত্র ২০ বছর ৬৮ দিন বয়সে শিরোপা জিতে এফওয়ানের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছেন মার্সিডিজের এই চালক।

মেক্সিকো সিটি গ্র্যান্ড প্রিক্সে তৃতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে এই ঐতিহাসিক সাফল্য নিশ্চিত করেন আন্তোনেল্লি। এর আগে ২০১০ সালে ২৩ বছর ১৩৪ দিন বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়নের রেকর্ড গড়েছিলেন জার্মানির সেবাস্টিয়ান ভেটেল। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন ইতালিয়ান তরুণ।

এর আগে সর্বশেষ ১৯৫৩ সালে ফেরারির হয়ে ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ইতালির কিংবদন্তি আলবার্তো আসকারি। দীর্ঘ সাত দশকেরও বেশি সময় পর আন্তোনেল্লির হাত ধরে আবারও বিশ্বসেরার মুকুট ফিরল ইতালিতে। ফলে দেশটির মোটরস্পোর্ট ইতিহাসে যুক্ত হলো নতুন এক গৌরবময় অধ্যায়।

লুইস হ্যামিলটন মার্সিডিজ ছাড়ার পর তার জায়গায় দলে যোগ দিয়েই নিজের দ্বিতীয় মৌসুমে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন আন্তোনেল্লি। ৯টি রেস জয় ও ১৬টি পডিয়াম অর্জনের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন এফওয়ানের অন্যতম প্রতিভাবান চালক হিসেবে।

তরুণ বয়সেই এমন অসাধারণ সাফল্যে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন আন্তোনেল্লি। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দীর্ঘ ৭৩ বছর পর ইতালীয় মোটরস্পোর্টের জন্যও এক ঐতিহাসিক প্রত্যাবর্তন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সারাদেশের জন্য বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা আমিনুলের
জানুয়ারি মাস থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেটসহ দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ওই ক্যালেন্ডারে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন প্রতিযোগিতার সময়সূচি নির্ধারিত থাকবে, যাতে বছরজুড়ে খেলাধুলা মাঠে থাকে এবং এর মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা যায়। শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের যে হাওয়া লেগেছে, সিলেটের এই ফুটবল আয়োজন তারই প্রমাণ। নিজের স্মৃতিচারণ করে আমিনুল হক জানান, ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল, ফলে সিলেটের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে এবং একসময় তার সঙ্গে খেলা গোলকিপার নাচনের কথাও তিনি স্মরণ করেন। বর্তমান সরকারের ৯ মাস পূর্তির প্রসঙ্গ তুলে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ৫ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্রে বড় পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে বাংলাদেশ কেবল অংশগ্রহণে সীমাবদ্ধ থাকবে না, বরং পদকের জন্য লড়াই করবে। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত সিলেট জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়ে আমিনুল হক বলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করতে জেলা প্রশাসকের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি। গ্যালারির দর্শক ও খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সুন্দর শুরু ও সফল সমাপ্তি কামনা করেন আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী সহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। আরটিভি/এসআর
সারাদেশের জন্য বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা আমিনুলের
বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
গলফে ব্যাক টু ব্যাক শিরোপা জয় রাজুর
প্রবৃদ্ধি প্রোফেশনাল গলফ টুর্নামেন্টের শিরোপা জিতলেন মো. রাজু। বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) টুর্নামেন্টে রাজুর এটি টানা দ্বিতীয় শিরোপা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জলসিঁড়ি গলফ ক্লাবে চারদিনের এই টুর্নামেন্ট শেষ হলো। পারের চেয়ে ৯ শট কম খেলে শিরোপা নিশ্চিত করেছেন। ৭ আন্ডার পার ২৮১ স্কোর নিয়ে রানারআপ হয়েছেন বাদল হোসেন। এছাড়া ৩ আন্ডার পার ২৮৫ স্কোরে তৃতীয় হয়েছেন আকবর হোসেন। প্রথম রাউন্ডে ৭৪ স্কোর করে খুব একটা ভালো শুরু করতে পারেননি রাজু। দ্বিতীয় রাউন্ডে ৬৮ খেলে ফেরেন লড়াইয়ে। ৩৬ হোল শেষে তখন শীর্ষে ছিলেন আকবর হোসেন (৭০-৬৭)। তৃতীয় দিনে বদলে যায় পুরো চিত্র। ৬৪ স্কোর করেন রাজু, যা পুরো টুর্নামেন্টের সেরা রাউন্ড। ৫৪ হোল শেষে তিনি এগিয়ে যান ৫ শটে। শেষ রাউন্ডে ৭৩ খেলেও সেই ব্যবধানের সুবাদে দুই শটে এগিয়ে থেকে ট্রফি নিশ্চিত করেন রাজু। অন্যদিকে, চার রাউন্ডেই ধারাবাহিক ছিলেন বাদল হোসেন (৭২-৭০-৬৯-৭০)। শেষ দিনে ২ আন্ডার পারের ৭০ খেলে চাপ তৈরি করলেও রাজুকে ধরতে পারেননি। শিরোপা জিতে উচ্ছ্বসিত রাজু বলেন, জিতে খুবই ভালো লাগছে। টানা দ্বিতীয় শিরোপা জিতে আমি যেন নিজেই চমকে গেছি। আমি এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। রানারআপ হয়েও খুশি বাদল হোসেন। তিনি বলেন, এই কোর্সে সবশেষ টুর্নামেন্টে রাজুকে হারিয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবার আমাকে হারিয়ে রাজু চ্যাম্পিয়ন। আমরা দু’জনই সাভার গলফ ক্লাবের। একই ক্লাবের দু’জন চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ায় খুবই ভালো লাগছে। এক আন্ডার পার ২৮৭ স্কোর নিয়ে যৌথভাবে চতুর্থ হয়েছেন জামাল হোসেন ও মো. সম্রাট সিকদার। দেশের শীর্ষ গলফার সিদ্দিকুর রহমান ও মো. দুলাল হোসেন ইভেন পার ২৮৮ স্কোরে যৌথভাবে ষষ্ঠ হয়েছেন। অষ্টম হয়েছেন মো. শাহজামাল (+২)। ৩ ওভার পার ২৯১ স্কোরে যৌথভাবে নবম হয়েছেন মো. আবদুর রহমান, মো. লিটন মন্ডল, মো. লিটন হাওলাদার ও মো. সজীব আলী। টুর্নামেন্টে ৮৮ জন গলফার অংশ নিয়েছিলেন। দুই রাউন্ড শেষে কাট পার হন ৪৪ জন, তাদের মধ্যে চারজন পরে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। শেষ পর্যন্ত চার রাউন্ড শেষ করেন ৪০ জন। অ্যামেচারদের মধ্যে সেরা হয়েছেন মো. রহিম হোসেন (+১৯)।  আরটিভি/এসআর          
গলফে ব্যাক টু ব্যাক শিরোপা জয় রাজুর
ঢাকায় শুরু হচ্ছে ১৭তম বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ
বিশ্ব সামরিক ক্রীড়াঙ্গনের মর্যাদাপূর্ণ আসর ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে ঢাকায়। আগামী ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে আট দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১৩ দেশের ১১৭ জন সামরিক কর্মকর্তা ও গলফার অংশ নেবেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা (সিআইএসএম) এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে— ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, নেদারল্যান্ডস, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এ ছাড়া প্রতিযোগিতায় সিআইএসএম সদর দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। আগামী ২৮ নভেম্বর প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন এবং ৩ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া সংস্থা হিসেবে পরিচিত সিআইএসএম প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের নিস শহরে।  সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই সংস্থাটির মূল লক্ষ্য। বর্তমানে সংস্থাটির সদস্য দেশ ১৪২টি। বাংলাদেশ ১৯৭৬ সালে সিআইএসএমের ৪১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সংস্থাটির বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে। এর আগে ২০২৪ সালে ঢাকায় তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আরচারি চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করে বাংলাদেশ।  এবার বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সামরিক ক্রীড়াঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরার আরেকটি সুযোগ পাচ্ছে দেশটি। আইএসপিআর আরও জানায়, এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও সাংগঠনিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও আতিথেয়তা তুলে ধরার পাশাপাশি দেশের ক্রীড়া ও পর্যটন সম্ভাবনা তুলে ধরার সুযোগ তৈরি হবে। আরটিভি/এসআর
ঢাকায় শুরু হচ্ছে ১৭তম বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ
টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ইতালিতে ৫ লাখ বিদেশি কর্মী নিয়োগ, যেভাবে কাজের সুযোগ পাবেন বাংলাদেশিরাও
ইতালির খালে বড়শি দিয়ে ৯০ কেজি ওজনের মাছ শিকার বাংলাদেশি ‘বাঘা’র
ইতালিতে চাকরির আবেদন শেষ ৭ ডিসেম্বর, থাকছে পরেও সুযোগ
১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে