ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

টেনিসে ফিরছেন সেরেনা উইলিয়ামস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১২:৫০ পিএম
সেরেনা উইলিয়ামস। ছবি: সংগৃহীত

প্রায় চার বছরের বিরতির পর টেনিসে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। মার্কিন এই কিংবদন্তি খেলোয়াড় চলতি মাসের শেষ দিকে কুইন্স ক্লাবে নারী ডাবলস ইভেন্টে অংশ নেবেন।

৪৪ বছর বয়সী সেরেনা সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের ইউএস ওপেনে। তৃতীয় রাউন্ডে পরাজয়ের মাধ্যমে তাঁর অভিযান শেষ হয়েছিল। এই বিদায়ে তিনি সর্বকালের রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপার সমতায় পৌঁছাতে পারেননি। এই রেকর্ড যৌথভাবে ধরে রেখেছেন মার্গারেট কোর্ট এবং নোভাক জকোভিচ।

সেরেনা সামাজিক যোগাযোগমাধ্যমে টেনিস কোর্টে নিজের একটি ভিডিও পোস্ট করেন, যার ক্যাপশনে লেখা ছিল, মনে হচ্ছে সবাই খবরটা শুনেছে। ভিডিওতে তাঁর ফোনটিকে দ্রুতগতিতে নোটিফিকেশন পেতে দেখা যায়।

সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন আরেকটি পোস্টে লিখেছেন, সুসংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে।

টুর্নামেন্ট আয়োজকদের প্রকাশিত এক বিবৃতিতে সেরেনা বলেন, আমার জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য কুইন্স ক্লাবকে আদর্শ স্থান বলে মনে হচ্ছে। ঘাসের কোর্ট আমাকে আমার ক্যারিয়ারের সবচেয়ে অর্থবহ কিছু মুহূর্ত উপহার দিয়েছে। খেলাধুলার অন্যতম আইকনিক মঞ্চে আবার প্রতিদ্বন্দ্বীতা করতে পেরে আমি উচ্ছ্বসিত।

লন্ডনের এই টুর্নামেন্টে নারীদের প্রতিযোগিতা শুরু হবে আগামী ৮ জুন।

সেরেনার প্রত্যাবর্তনের গুঞ্জন শুরু হয়েছিল গত ডিসেম্বর মাসে, যখন জানা গিয়েছিল তিনি আবার অ্যান্টি-ডোপিং কর্মসূচিতে নিবন্ধন করেছেন, যা পেশাদার ট্যুরে ফিরে আসার জন্য একটি পূর্বশর্ত।

তখন তিনি প্রতিযোগিতামূলক টেনিসে ফেরার পরিকল্পনার কথা অস্বীকার করেছিলেন। তবে গত কয়েক মাস ধরে তাঁর প্রত্যাবর্তন নিয়ে নানা জল্পনা চলছিল।

এখন তিনি কুইন্স ক্লাবের নারী ডাবলস প্রতিযোগিতায় ওয়াইল্ড কার্ড পেয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর সঙ্গী হতে পারেন তরুণ কানাডিয়ান খেলোয়াড় ভিক্টোরিয়া এমবোকো।

মার্চ মাসে জোকোভিচ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে সেরেনা ফিরবেন। বর্তমানে চলমান ফ্রেঞ্চ ওপেনেরও অনেক খেলোয়াড় এ বিষয়ে মন্তব্য করেছেন।

২০১৮ সালের ইউএস ওপেন ফাইনালে সেরেনাকে হারানো নাওমি ওসাকা বলেন, আমি মনে করি এটা আমার জন্য ভালো হবে। আমি বেশ উপভোগ করব।

সেরেনার প্রত্যাবর্তনের ম্যাচ দেখবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শনিবার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে বিদায় নেওয়া কোকো গফ বলেন, তিনি প্রথমবারের মতো সেরেনার মুখোমুখি হতে চান।

ডব্লিউটিএ টুর্নামেন্ট পরিচালক লরা রবসন বলেন, সেরেনা উইলিয়ামস বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াাবদ। আমরা আনন্দিত যে তিনি এলটিএর এইচএসবিসি চ্যাম্পিয়নশিপে টেনিসে ফিরছেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, গত বছর নারী টেনিস ঐতিহাসিকভাবে কুইন্স ক্লাবে ফিরে এসেছিল, আর এবার খেলাটির একজন আইকন আবার কোর্টে ফিরছেন।

২০২২ সালে বিশ্বের সাবেক এক নম্বর তারকা সেরেনা বলেছিলেন, তিনি অবসর শব্দটি ব্যবহার করতে চান না; বরং তিনি টেনিস থেকে দূরে সরে যাওয়াকে নিজের জীবনের একটি বিবর্তন হিসেবে দেখেন।

তিনি মোট ৩১৯ সপ্তাহ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন এবং ডব্লিউটিএ ট্যুরে ৭৩টি একক শিরোপা জিতেছেন। এছাড়া বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে ১৪টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস শিরোপাও জয় করেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি
গোলের পর গোল করে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এবার পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে জোড়া গোল করে চ্যাম্পিয়নস লিগ ও রিয়াল মাদ্রিদের হয়ে দুটি ভিন্ন পরিসংখ্যানে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ও পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন ফরাসি ফরোয়ার্ড।
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি
অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন দিবালা
নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষটা ইতালিয়ান ক্লাব এএস রোমাতেই করতে চান আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। রোমার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড জানিয়েছেন, ক্লাবটিতে থেকেই অবসর নিতে পারলে সেটি হবে তার জন্য বিশেষ অর্জন।
অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন দিবালা
টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
টিভিতে আজকের খেলা
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর এবার কোচিং অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের (ডিএসজি) প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। তবে প্রোটিয়াদের বিপক্ষে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাতে পারেনি টাইগাররা।
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
আরও পড়ুন
চার বছর পর আবার একসঙ্গে সেরেনা-ভেনাস
আবারও কোর্টে একসঙ্গে ভেনাস-সেরেনা উইলিয়ামস