
বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর এবার কোচিং অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের (ডিএসজি) প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। এ দায়িত্বে তিনি স্থলাভিষিক্ত হবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারের।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এসএ২০-এর প্রথম আসর থেকেই ডারবানের কোচের দায়িত্ব পালন করে আসছিলেন ক্লুজনার।
উইলিয়ামসন ২০২৫ ও ২০২৬ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন। দলটির জার্সিতে ১৫ ম্যাচে তার সংগ্রহ ৩৪৩ রান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই কোচিংয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। এর আগে গত বছরের অক্টোবরে আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসের কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি। মজার বিষয়, ২০২৭ মৌসুমের জন্য খেলোয়াড় হিসেবেও তাকে ধরে রেখেছিল ডারবান।
ডারবানে ক্রিকেট পরিচালক টম মুডির সঙ্গে কাজ করবেন উইলিয়ামসন। তবে তার কোচিং স্টাফে কারা থাকবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল উইলিয়ামসনের। চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ চলাকালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। নিউজিল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ক্যারিয়ার শেষ করেছেন এই ব্যাটার। ১১০ টেস্টে ৫৪.০৬ গড়ে করেছেন ৯ হাজার ৫১৫ রান। এ ছাড়া ১৭৫ ওয়ানডেতে ৭ হাজার ২৫৬ এবং ৯৩ টি-টোয়েন্টিতে ২ হাজার ৫৭৫ রান রয়েছে তার নামের পাশে।
সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন উইলিয়ামসন।
এদিকে ক্লুজনারের অধীনে চার মৌসুমের মধ্যে তিনবারই লিগ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে ডারবান সুপার জায়ান্টসকে। দলটির সেরা সাফল্য ২০২৪ আসরে রানার্সআপ হওয়া। সর্বশেষ মৌসুমে ১০ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়ে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে তারা।
আগামী ১৯ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ এসএ২০ মৌসুমের যাত্রা শুরু করবে ডারবান সুপার জায়ান্টস। নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে দলটির।
আরটিভি/এসকে




