ফ্রান্সকে স্তব্ধ করে ঐতিহাসিক জয় আইভরি কোস্টের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৮:৩০ এএম


ফ্রান্সকে স্তব্ধ করে ঐতিহাসিক জয় আইভরি কোস্টের
ছবি: এএফপি

বিশ্বকাপের মিশন শুরুর আগে প্রীতি ম্যাচে দুর্বল আইভরি কোস্টের হেরে বড় ধাক্কা খেল ফ্রান্স। ফরাসিদের বিপক্ষে চারবারের দেখায় আইভরি কোস্টের প্রথম জয় এটি। আগের তিন ম্যাচের দুটিতে জিতেছিল ফরাসিরা, ড্র হয়েছিল অন্যটি।

বৃহস্পতিবার (৪ জুন) ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-১ গোলে হেরেছে দিদিয়ে দেশমের দল। প্রথমার্ধে হায়ান শেহকির গোলে পিছিয়ে পড়া কোত দি ভোয়া দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা টানে গেলে দুয়ের লক্ষ্যভেদে। শেষ দিকে ব্যবধান গড়ে দেন আমাদ দিয়ালো।

প্রায় ৬০ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। কোত দি ভোয়ার সাত শটের তিনটি লক্ষ্যে ছিল।

সপ্তম মিনিটে প্রথম শট লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের ডান পায়ের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা। ২১তম মিনিটে মাইকেল ওলিসের প্রচেষ্টাও রুখে দেন তিনি। ৩৩তম মিনিটে হেড লক্ষ্যে রাখতে পারেননি ইব্রাহিমা কোনাতে। সাত মিনিট পর অহেলিয়া চুয়ামেনির হেড ফেরান গোলরক্ষক।

আরও পড়ুন

প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দারুণ গোলে দলকে এগিয়ে নেন শেহকি। বক্সের বাইরে থেকে তার শট গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরানোর পর, বল ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। 

কোনাতের পা থেকে বক্সের বাইরে বল পেয়ে একজনকে কাটিয়ে ভেতরে ঢুকে তিন জনের মধ্যে দিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন ম্যানচেস্টার সিটির উইঙ্গার। ফ্রান্সের জার্সিতে ছয় ম্যাচে ২২ বছর বয়সী এই ফুটবলারের দ্বিতীয় গোল এটি।

এমবাপ্পেকে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামাননি কোচ। বিরতির পর ফ্রান্সের স্বস্তিও বেশিক্ষণ থাকেনি। ৫৩তম মিনিটে সমতা টানে কোত দি ভোয়া। সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ২৩ বছর বয়সী গেলে দুয়ে।

আর ৮৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন দিয়ালো। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে, প্রথম স্পর্শে শটে জালে পাঠান দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গার। বিশ্বকাপের আগে ফ্রান্স আরেকটি প্রীতি ম্যাচ খেলবে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপের শেষ ধাপের প্রস্তুতির শুরুটা মোটেও ভালো হলো না হট ফেভারিট ফ্রান্সের। তাদের ৯ ম্যাচের অপরাজেয় যাত্রাও থেমে গেল। সবশেষ তারা হেরেছিল গত বছরের জুনে নেশন্স লিগের সেমি-ফাইনালে, স্পেনের বিপক্ষে ৫-৪ গোলে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission