মেসির বেলায় ছাড়, কিন্তু লাল কার্ড পেলেন বালোগান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৪:৪২ পিএম


মেসির বেলায় ছাড়, কিন্তু লাল কার্ড পেলেন বালোগান
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে জয়ের আনন্দের মাঝেও বড় ধাক্কা খেয়েছে মার্কিন দল। ম্যাচে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগান, ফলে পরবর্তী ম্যাচেও তাকে পাচ্ছে না দল।

বালোগানের লাল কার্ডের ঘটনাটি এখন ফুটবল বিশ্বে আলোচনার অন্যতম বিষয়। কারণ, কয়েকদিন আগেই আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি প্রায় একই ধরনের ট্যাকল করলেও কোনো কার্ড দেখানো হয়নি। দুই ঘটনার ভিন্ন সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ফুটবল মহলে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।

ম্যাচের ৬১তম মিনিটে বলের দখল নিতে গিয়ে বসনিয়ার ডিফেন্ডার মুহারেমোভিচের পেছন থেকে ডান পায়ে শক্ত ট্যাকল করেন বালোগান। ঘটনার পর রেফারি ভিএআরের সহায়তা নেন। ভিডিও পর্যালোচনা শেষে ৬৪তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখিয়ে যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকারকে মাঠ ছাড়ার নির্দেশ দেন।

এই লাল কার্ডের ফলে বালোগান শুধু ম্যাচ থেকেই বহিষ্কৃত হননি, বরং পরবর্তী ম্যাচেও নিষিদ্ধ হয়েছেন। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের অনুপস্থিতি শেষ ষোলোর আগে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির করা ট্যাকলের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। অনেকের দাবি, দুটি ঘটনার মধ্যে যথেষ্ট মিল থাকলেও রেফারিদের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই ম্যাচে মেসিকে কোনো হলুদ কার্ডও দেখানো হয়নি।

আরও পড়ুন

ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনোসহ একাধিক ফুটবল বিশ্লেষক রেফারিংয়ের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের বক্তব্য, একই ধরনের ফাউলের ক্ষেত্রে এক ম্যাচে লাল কার্ড এবং অন্য ম্যাচে কোনো শাস্তিই না দেওয়া ফুটবলের আইন প্রয়োগে অসঙ্গতির ইঙ্গিত দেয়।

দুই ম্যাচের দুই ভিন্ন সিদ্ধান্ত বিশ্বকাপে রেফারিংয়ের মান ও ভিএআর ব্যবহারের ধারাবাহিকতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এখন ফুটবলপ্রেমীদের বড় প্রশ্ন আইনের প্রয়োগ কি সবার জন্য সমান, নাকি তারকাদের ক্ষেত্রে কখনো কখনো ভিন্ন মানদণ্ড দেখা যায়? 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission