কেপ ভার্দের ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৪:৫৯ পিএম


কেপ ভার্দের ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে এবার আর ভুলের কোনো সুযোগ নেই। একটি হারই শেষ করে দিতে পারে শিরোপা ধরে রাখার স্বপ্ন। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোরে রাউন্ড অব ৩২-এর ম্যাচে চমক জাগানো কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মায়ামিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচকে সামনে রেখে শুরুর একাদশ চূড়ান্ত করতে গিয়ে তিনটি গুরুত্বপূর্ণ পজিশন নিয়ে মধুর সমস্যায় পড়েছেন কোচ লিওনেল স্কালোনি।

প্রথম ধাঁধা লেফট ব্যাকে। চোট কাটিয়ে দলে ফেরা নিকোলাস তালিয়াফিকো নাকি গ্রুপ পর্বে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করা ফাকুন্দো মেদিনা কাকে প্রথম একাদশে রাখা হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

রক্ষণভাগের আরেকটি সিদ্ধান্ত নির্ভর করছে ক্রিস্তিয়ান রোমেরোর ফিটনেসের ওপর। তিনি পুরোপুরি সুস্থ থাকলে নিকোলাস ওতামেন্দির জায়গা নিয়ে নতুন করে ভাবতে হতে পারে স্কালোনিকে। আর যদি রোমেরো ম্যাচের জন্য প্রস্তুত না থাকেন, তাহলে অভিজ্ঞ ওতামেন্দির একাদশে থাকার সম্ভাবনাই বেশি।

সবচেয়ে বেশি আলোচনায় অবশ্য আক্রমণভাগ। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে কে খেলবেন লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? সাম্প্রতিক ফর্মের বিচারে লাউতারো কিছুটা এগিয়ে থাকলেও আলভারেজও স্কালোনির পরিকল্পনায় রয়েছেন। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত এই পজিশনেও অনিশ্চয়তা থাকছে।

আরও পড়ুন

ম্যাচের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে বেস ক্যাম্প কানসাস সিটি ছেড়ে বুধবার রাতে মায়ামিতে পৌঁছেছে আর্জেন্টিনা দল। বৃহস্পতিবার অনুশীলন করবে আলবিসেলেস্তেরা। শেষ অনুশীলনের পরই শুরুর একাদশ চূড়ান্ত করবেন কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের শিরোপা রক্ষার মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ তিন পজিশনে শেষ পর্যন্ত কারা স্কালোনির আস্থা অর্জন করেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission