আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে মর্যাদাপূর্ণ ‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টের শিরোপা জিতেছেন।
ডমিনিকান রিপাবলিকের পুন্তা কানায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে গট এফসিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামির যুবারা।
পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত পারফরম্যান্স দেখান থিয়াগো। বাবার মতোই ১০ নম্বর জার্সি পরে খেলতে নামা এই তরুণ ফুটবলার নিজের নৈপুণ্যে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কারও অর্জন করেন।

‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টটি ২৪ থেকে ২৯ জুন ক্যাপ কানা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হয়। এতে ২০টি দেশের ১০৩টি দল এবং দুই হাজারেরও বেশি তরুণ ফুটবলার অংশ নেন।
শিরোপা জয়ের পর থিয়াগোর মা আন্তোনেলা রোকুজ্জো সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রফি হাতে ছেলের ছবি শেয়ার করে আনন্দ প্রকাশ করেন। তার সেই পোস্টে ভক্তরাও থিয়াগোর ভবিষ্যৎ ফুটবল ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়েছেন।
মাত্র কিশোর বয়সেই বড় মঞ্চে শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতে থিয়াগো মেসি আবারও আলোচনায় উঠে এসেছেন। ফুটবলপ্রেমীদের অনেকেরই বিশ্বাস, বাবার পথ অনুসরণ করে ভবিষ্যতে তিনিও বিশ্ব ফুটবলে নিজের পরিচয় গড়ে তুলতে পারেন।
আরটিভি/এসকে



