
একসময় বিশ্ব ফুটবলে সৌন্দর্য, সৃজনশীলতা আর জাদুকরি খেলার প্রতীক ছিল ব্রাজিল। পেলে, গারিঞ্চা, রোমারিও, রোনালদিনহো থেকে শুরু করে রোনালদো নাজারিও প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের নান্দনিক ফুটবল দিয়ে বিশ্বকে মুগ্ধ করেছে সেলেসাওরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চিরচেনা ব্রাজিলিয়ান ফুটবলের জৌলুশ কমেছে বলে মনে করেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।
তার মতে, ইউরোপীয় ফুটবলের ধরন অনুসরণ করতে গিয়ে নিজেদের স্বকীয়তা হারাচ্ছে ব্রাজিল। শুধু তাই নয়, বর্তমান দলটির মধ্যে বিশ্বকাপ জয়ের মতো শক্তি ও দলীয় ঐক্যেরও অভাব রয়েছে। ফলে আগামী বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ব্রাজিলকে দেখছেন না সাবেক এই বিশ্বকাপজয়ী তারকা।
একসময় সহজাত প্রতিভা, অসাধারণ ড্রিবলিং, গতি ও সৃজনশীলতাই ছিল ব্রাজিলের ফুটবলের প্রধান পরিচয়। ১৯৫৮ থেকে ২০০২ সাল পর্যন্ত পাঁচটি বিশ্বকাপ জয়ের পথেও এই স্বকীয়তা বড় ভূমিকা রেখেছে। কিন্তু এখন ইউরোপীয় দলগুলোর শারীরিক সক্ষমতা, গতি ও কৌশলগত শৃঙ্খলার সঙ্গে পাল্লা দিতে গিয়ে ব্রাজিল নিজেদের খেলার ধরন থেকে সরে যাচ্ছে বলে মনে করেন রোনালদো।
তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে নিজেদের প্রতিভার ওপর আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপীয়রা আরও শক্তিশালী, দ্রুতগতির, সুসংগঠিত এবং ভালো ফুটবল খেলছে।’
ব্রাজিলের দুর্বলতা শুধু খেলার ধরনেই সীমাবদ্ধ নয়, দলীয় সংহতির অভাবও বড় সমস্যা বলে মনে করেন রোনালদো। ব্যক্তিগত প্রতিভার বিচারে দলে এখনো বিশ্বমানের ফুটবলার রয়েছেন। কিন্তু সেই প্রতিভাকে একসঙ্গে কাজে লাগিয়ে দল হিসেবে সাফল্য পাওয়ার জায়গায় ঘাটতি দেখছেন তিনি। এ ক্ষেত্রে আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও দলীয় ঐক্যও ব্রাজিলের জন্য তুলনার বিষয় হয়ে উঠেছে।
বর্তমান দলটির বিশ্বকাপ জয়ের সামর্থ্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে রোনালদো বলেন, ‘ব্রাজিল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়। আমাদের দল যথেষ্ট শক্তিশালী নয়, আমরা ঐক্যবদ্ধও নই।’
রোনালদোর এমন মন্তব্য ব্রাজিলের ফুটবল ঐতিহ্য ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে সমর্থকদের প্রত্যাশা বরাবরই বেশি। তবে শুধু ব্যক্তিগত প্রতিভা দিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব নয়, প্রয়োজন দলীয় সংহতি, কৌশলগত শৃঙ্খলা ও মাঠের ধারাবাহিক পারফরম্যান্স।
তাই ব্রাজিলের সামনে এখন বড় চ্যালেঞ্জ নিজেদের পুরোনো ফুটবলীয় পরিচয় ফিরিয়ে আনার পাশাপাশি আধুনিক ফুটবলের সঙ্গে তাল মেলানো। প্রতিভা ও নান্দনিকতার সঙ্গে শারীরিক সক্ষমতা এবং দলীয় ঐক্যের সমন্বয় ঘটাতে পারলেই হারানো গৌরব ফিরে পাওয়ার সুযোগ তৈরি হবে সেলেসাওদের।
আরটিভি/এসকে




