বিশ্বকাপ ফাইনালে হারের পর আবেগঘন বার্তা মেসির, স্পেনকে অভিনন্দন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ১০:২৭ এএম


বিশ্বকাপ ফাইনালে হারের পর আবেগঘন বার্তা মেসির, স্পেনকে অভিনন্দন
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

গত রোববার অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে হারায় শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্প্যানিশ ভাষায় মেসি লিখেছেন, কষ্টটা অনেক বেশি, এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে এই যাত্রার ভালো স্মৃতিগুলো আমি সবসময় হৃদয়ে রেখে দেব। কঠিন সময়গুলোতে আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়েছি, তা চিরকাল মনে থাকবে। পুরো দেশের সমর্থন আমাদের আবারও বিশ্বের সেরাদের কাতারে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, প্রতিটি শুভেচ্ছা ও ভালোবাসার জন্য হৃদয় নিংড়ানো ধন্যবাদ। আমরা আবারও এক হয়ে পুরো দেশকে একসূতোয় গাঁথতে পেরেছি। একই সঙ্গে বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মেসি। পুরো টুর্নামেন্টে তিনি ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেন। তবে ফাইনালে স্পেনের বিপক্ষে পরাজয়ের কারণে আরেকটি বিশ্বকাপ ট্রফি ছোঁয়া হয়নি আর্জেন্টাইন অধিনায়কের।

মেসির জাতীয় দলের ক্যারিয়ার ইতোমধ্যেই সমৃদ্ধ। তিনি আর্জেন্টিনাকে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা এবং ২০২২ সালের বিশ্বকাপ জিতিয়েছেন।

এদিকে জাতীয় দলের হয়ে মেসির অসামান্য অবদানের জন্য তাকে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। মেটলাইফ স্টেডিয়ামে তোলা মেসির একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, এই গল্প অমর হয়ে থাকবে। অধিনায়ক, তুমি আমাদের যা দিয়েছ, তার জন্য কৃতজ্ঞতা জানানোর মতো কোনো শব্দ নেই। মাঠে ও মাঠের বাইরে তোমার নেতৃত্ব এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা পুরো জাতিকে অনুপ্রাণিত করেছে।

তাপিয়া আরও বলেন, তুমি আমাদের হৃদয়ে অসংখ্য আনন্দের মুহূর্ত এঁকে দিয়েছ। আমাদের পতাকাকে বিশ্বের সর্বোচ্চ আসনে তুলে ধরেছ। লিও, তুমি অমর। তুমি আমাদের মহানায়ক। এই দেশ তোমাকে চিরকাল ভালোবাসবে।

আরও পড়ুন

বিশ্বকাপে আর্জেন্টিনা দলের অনন্য অভিযাত্রাকে সম্মান জানিয়ে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই জাতীয় ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ছুটির দিনটি কবে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে আর্জেন্টিনা দলকেই।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission