ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা ফিফার, উয়েফার কড়া আপত্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পিএম
বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা ফিফার। ছবি: সংগৃহীত

উন্নয়ন তহবিলকে বড় করতে বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপসহ নিজেদের প্রধান ফুটবল প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠনের পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সর্বোচ্চ ২১ শতাংশ শেয়ার বিক্রি করা হবে বলে জানিয়েছে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)।

ফিফার প্রস্তাব অনুযায়ী, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে নতুন প্রতিষ্ঠানটি ফিফার সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। তবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ফিফাই দায়িত্বে থাকবে এবং নতুন প্রতিষ্ঠানের সংখ্যাগরিষ্ঠ মালিকানাও তাদের হাতেই থাকবে।

ফিফার এই পরিকল্পনার কড়া সমালোচনা ও আপত্তি জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। যদিও পরিকল্পনাটি কার্যকর করতে হলে ফিফার ৩৭ সদস্যের কাউন্সিল এবং অধিকাংশ সদস্যদেশের অনুমোদন প্রয়োজন হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ পরিকল্পনার খবর প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

সংস্থাটি জানায়, এফএফইর সর্বোচ্চ ২১ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। এর মাধ্যমে ‘ফিফা ফাস্ট ফরওয়ার্ড প্রোগ্রাম’ (এফএফএফপি) নামে নতুন অর্থায়ন প্রকল্পের জন্য ৪২০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক জেপি মরগান এ প্রকল্পে তাদের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনাল সম্ভাব্য বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দিতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, পুরো পরিকল্পনাটি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উদ্যোগে তৈরি হয়েছে এবং তিনি কয়েক মাস ধরে এটি নিয়ে কাজ করছেন।

ফিফার সংবাদ বিজ্ঞপ্তিতে ইনফান্তিনো বলেন, বিশ্ব ফুটবলের পরবর্তী প্রবৃদ্ধির জন্য এমন একটি কাঠামো প্রয়োজন, যেখানে বাণিজ্যিক কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালিত হবে এবং সেখান থেকে অর্জিত আয় বিশ্বজুড়ে আরও সমানভাবে বণ্টন করা সম্ভব হবে।

তিন গুণ বাড়বে উন্নয়ন অনুদান

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে আগামী চার বছরে ফিফার উন্নয়ন তহবিলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। নতুন প্রকল্পের আওতায় প্রতিটি সদস্যসংস্থা বিশেষ ও জরুরি প্রকল্পের জন্য ঐচ্ছিকভাবে ২ কোটি ডলার পর্যন্ত অতিরিক্ত অর্থ পাবে, যা শেয়ার বিক্রির অর্থ থেকে দেওয়া হবে।

এ ছাড়া নিয়মিত ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের অনুদানও বাড়ানো হচ্ছে। বর্তমানে প্রতিটি সদস্যসংস্থা যেখানে ৮০ লাখ ডলার পায়, সেখানে আগামী চক্রে তা বেড়ে হবে ২ কোটি ডলার। ২০৩১-৩৪ মেয়াদে এ অনুদান বাড়িয়ে ২ কোটি ২০ লাখ ডলার এবং ২০৩৫-৩৮ মেয়াদে ২ কোটি ৪০ লাখ ডলার করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ বর্তমানের তুলনায় প্রায় তিন গুণ বেশি অর্থ পাবে সদস্যদেশগুলো।

আগে ব্যর্থ হয়েছিল একই ধরনের উদ্যোগ

বেসরকারি বিনিয়োগ এনে ফুটবলের বাণিজ্যিক সম্পদ কাজে লাগানোর চেষ্টা ইনফান্তিনোর নতুন নয়। ২০১৮ সালে সৌদি অর্থায়নে পরিচালিত জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংকের সহায়তায় ২ হাজার ৫০০ কোটি ডলারের একটি বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন তিনি। তবে সে উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি।

বর্তমান প্রকল্পে জেপি মরগানের পাশাপাশি ইতালিভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ওপেনইকোনমিকস এবং ব্যান ভেঞ্চার্সের প্রধান নির্বাহী গ্রেগ মাফেইও উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

উয়েফার কড়া আপত্তি

ফিফার পরিকল্পনার বিরুদ্ধে ইতোমধ্যে সরব হয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটি মনে করছে, ফুটবলের বাণিজ্যিক সম্পদের মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া ফুটবলের শাসনব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ।

এক বিবৃতিতে উয়েফা বলেছে, ফুটবলের পরিচালনাকারী সংস্থাগুলোর এমন একটি সীমা রয়েছে, যা অতিক্রম করা উচিত নয়। ফুটবলের আত্মা কিংবা এর পরিচালনা ব্যবস্থা বিক্রির বিষয় হতে পারে না বলেও মন্তব্য করেছে তারা।

অর্থ সংকটে নয় ফিফা

ফিফা বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ আর্থিক প্রবৃদ্ধির মধ্যে রয়েছে। সর্বশেষ চার বছরের চক্রে বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপ থেকে সংস্থাটির আয় প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছানোর আশা করা হচ্ছে, যা আগের লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, নতুন বাণিজ্যিক কাঠামো কার্যকর হলে ভবিষ্যতে ফিফার আয় আরও বাড়তে পারে। একই সঙ্গে বিশ্বকাপের পরিধি আরও সম্প্রসারণ এবং নারী ফুটবলেও বড় ধরনের বিনিয়োগের পথ তৈরি হতে পারে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস দাবি করেছে, নতুন প্রতিষ্ঠান এফএফইর নেতৃত্বে থাকতে পারেন ইনফান্তিনো নিজেই। যদিও ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পরিকল্পনা অনুমোদিত হলে নতুন প্রতিষ্ঠানে ফিফার পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে সভাপতি ও প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিএল থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক
আইপিএলের ২০২৭ মৌসুমে খেলবেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি ও নিজের ফিটনেস ধরে রাখতে আগামী মৌসুম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী এই বাঁহাতি পেসার। তার এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালস।
আইপিএল থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক
সিরিজ জয়ের পরও শাস্তি পেল ভারত
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দের মধ্যেই দুঃসংবাদ শুনতে হলো ভারতীয় ক্রিকেট দলকে। পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে দলটিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সিরিজ জয়ের পরও শাস্তি পেল ভারত
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডের পর সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচেও অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে হ্যারি ব্রুকের দল।  বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরি এবং সনি বেকারের বোলিং নৈপুণ্যে হোবার্টে ৯৭ রানের বড় জয় তুলে নিয়েছে সফরকারীরা। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। বুধবার (১৮ নভেম্বর) হোবার্টের বেলেরিভ ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করে ৪৮ ওভার ৩ বলে ৩২৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৪৬ ওভার ৫ বলে ২৩১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছেন ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলা বেন ডাকেট। আর সিরিজসেরার পুরস্কার জিতেছেন টম ব্যান্টন। ইংল্যান্ডের বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার ডাকেট ও ব্যান্টন। উদ্বোধনী জুটিতে মাত্র ৮ ওভার ৪ বলে ৭৪ রান যোগ করেন তারা। আগ্রাসী ব্যাটিংয়ে ৩৫ বলে ৯টি চারে ৪৪ রান করে ফেরেন ব্যান্টন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। জো রুট ১২, অধিনায়ক হ্যারি ব্রুক ১৭ এবং জর্ডান কক্স ১২ রান করে আউট হন। জফরা আর্চারও করতে পারেননি ৭ রানের বেশি। একপর্যায়ে ১৯৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে এক প্রান্ত আগলে রেখে অস্ট্রেলিয়ার বোলারদের শাসন করেন ডাকেট। ৯৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই তার প্রথম শতক। শেষ পর্যন্ত ১১৫ বলে ১৫টি চার ও ৩টি ছক্কায় ১৩৩ রান করে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটার। শেষদিকে উইল জ্যাকসের ব্যাটে তিনশ ছাড়ানো সংগ্রহ পায় ইংল্যান্ড। ৪৮ বলে ৪টি চার ও এক ছক্কায় ৫৯ রান করেন তিনি। স্যাম কারান যোগ করেন ১৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে জ্যাক এডওয়ার্ডস ৪টি এবং ম্যাট রেনশ ৩টি উইকেট নেন। ৩২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম ১০ বলের মধ্যেই দুই ওপেনার ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শকে ফিরিয়ে দেন গাস অ্যাটকিনসন ও সনি বেকার। এরপর জশ ইংলিসকেও সাজঘরে ফেরান বেকার। ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ম্যাট রেনশ ও অ্যালেক্স ক্যারি ৭৪ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। রেনশ ৫৫ রান করে লিয়াম ডসনের শিকার হন। অন্যদিকে ক্যামেরন গ্রিনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হওয়ার আগে ৩৭ রান করেন ক্যারি। এরপর চোটের কারণে মাঠ ছাড়তে হয় ক্যামেরন গ্রিনকে। অ্যাটকিনসনের বাউন্সার হেলমেটের গ্রিলে লেগে মুখে আঘাত পাওয়ার পর রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়েন তিনি। পরে কনকাশন পরীক্ষায় সমস্যার বিষয়টি নিশ্চিত হলে তার বদলি হিসেবে মাঠে নামেন অলিভার পিক। তবে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। কুপার কনোলি ২৯, জ্যাক এডওয়ার্ডস ৩১ ও জেভিয়ার বার্টলেট ১৬ রান করেন। বেকারের বোলিং তোপে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৩১ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। ১৩ রানে অপরাজিত থাকেন মাহলি বেয়ার্ডম্যান। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন সনি বেকার। ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। সমান ওভারে ৪২ রান খরচায় ৩ উইকেট নেন লিয়াম ডসন। গাস অ্যাটকিনসন ও হ্যারি ব্রুক পান একটি করে উইকেট। এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয়বারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড। এর আগে ১৯৭৪-৭৫ মৌসুমে একমাত্র ওয়ানডেতে জয় এবং ২০১৭-১৮ মৌসুমে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল তারা। তবে এবারের সিরিজ জয় বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে ইংলিশদের জন্য। কারণ, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের নজির গড়ল তারা। পার্থে প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছিল ইংল্যান্ড। এরপর অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে টম ব্যান্টনের সেঞ্চুরিতে ১৩৫ রানের জয় তুলে নেয় তারা। শেষ ম্যাচে হোবার্টেও দাপুটে পারফরম্যান্সে সিরিজ নিশ্চিত করে ব্রুকের দল। এ জয়ে আরও একটি কীর্তি গড়েছে ইংল্যান্ড। হোবার্টে এই প্রথম অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল তারা। অন্যদিকে নিজেদের মাঠে টানা দুই ওয়ানডেতে ৯০ রানের বেশি ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতাও হলো অস্ট্রেলিয়ার। আরটিভি/এসকে
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!
আইপিএলের নতুন আসর শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় আসছে বড় পরিবর্তন। ফ্র্যাঞ্চাইজিটির ২২.৫ শতাংশ শেয়ার মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যারেস ম্যানেজমেন্টের কাছে বিক্রি করে দিচ্ছেন অন্যতম মালিক জয় মেহতা।
বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!
জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের
থাইল্যান্ডকে হারিয়েও আইসিসি উইমেনস ইমার্জিং নেশন্স ট্রফির সুপার সিক্সে জায়গা করে নিতে পারল না বাংলাদেশ। বুধবার (১৮ নভেম্বর) ওমানের আজমানে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৩ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।
জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের
আরও পড়ুন
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা