
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে টস জিতে ফিল্ডিং করছে সানরাইজার্স হায়দরাবাদ। নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে হেরে অপরাজিত তকমা খোয়া গিয়েছে কেন উইলিয়ামসনের হায়দরাবাদের।
অন্য দিকে, গত ম্যাচে অজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালসকে ৬৪ রানে হারিয়ে বেশ চনমনে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। অর্থাৎ আজ রোববারের ম্যাচটা দু'টি দলের কাছেই চ্যালেঞ্জের মতো।
হোম টিম হায়দরাবাদের কাছে চ্যালেঞ্জ ঘরের মাঠে জয়ের ছন্দে ফেরা এবং প্রমাণ করা পাঞ্জাব ম্যাচটা স্রেফ একটা অঘটন ছিল, তেমনই ধোনির দল চেন্নাইয়ের কাছে প্রমাণের মঞ্চ, টুর্নামেন্ট শুরুর আগে যে দলকে বৃদ্ধাশ্রম আখ্যা দিয়ে ছিলেন বিশেষজ্ঞরা তা আদতে বৃদ্ধাশ্রম নয়।
--------------------------------------------------------
আরও পড়ুন : মুস্তাফিজের ঘুরে দাঁড়ানোর অপেক্ষা
--------------------------------------------------------
ফলে দুই দলের মধ্যেকার লড়াই যে আজ জমে যাবে তা হয়ত বলার অপেক্ষা রাখে না। অরেঞ্জ আর্মির তারকা ওপেনার শিখর ধাওয়ান ইনজুরির কারণে ছিটকে পড়েছেন। তার বদলে সুযোগ পেয়েছেন রিকি ভুই। অন্যদিকে চেন্নাই প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরের বদলে এ ম্যাচে নামছেন স্বদেশি ফাফ ডু প্লেসি।
চলতি আসরে হায়দরাবাদের হয়ে খেলছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার নামের প্রতি সুবিচার করেছেন এরইমধ্যে।
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের অপেক্ষা ১ উইকেটের। গত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ছিলেন উইকেট শূন্য। ১ উইকেট পেলেই এই স্পিনিং অলরাউন্ডার স্পর্শ করবেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩০০ উইকেটের মাইলফলক। ২ উইকেট নিলেই পৌঁছে যাবেন আইপিএলের ৫০ উইকেটের মাইলফলকে।
সানরাইজার্স হায়দরাবাদ:
রিকি ভুই, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, মনীষ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, দীপক হুডা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক, সিদ্ধার্থ কল।
চেন্নাই সুপার কিংস:
শেন ওয়াটসন, আম্বতি রায়ডু, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসি, মহেন্দ্র সিং ধোনি, স্যাম বিলিংস, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, করন শর্মা, দীপক চাহার, শার্দূল ঠাকুর।
আরও পড়ুন :
এমআর/ওয়াই




