
ভারতের বিপক্ষে গলে প্রথম টেস্টের চতুর্থ দিনের সকালে চোট পেয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্ডিমাল। সীমানায় বল ঠেকাতে গিয়ে কাঁধ ও ঘাড়ে আঘাত পাওয়ার পর সতর্কতামূলক স্ক্যানের জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে লোকেশ রাহুলের শট ঠেকাতে ডিপ মিডউইকেট থেকে ডিপ স্কয়ার লেগের দিকে দ্রুত ছুটে যান চান্দিমাল। বলটি সীমানায় যাওয়ার আগে আটকাতে মাটিতে ঝাঁপ দেন তিনি। দুই রান বাঁচাতে সফল হলেও মাটিতে পড়ার সময় কাঁধে জোরে আঘাত পান। একই সঙ্গে শরীর উল্টে যাওয়ার সময় ঘাড় ও কাঁধে অস্বাভাবিক চাপ পড়ে।
সীমানার ওপাশে পড়ে যাওয়ার পরপরই বেশ অস্বস্তিতে দেখা যায় চান্দিমালকে। সতীর্থদের পাশাপাশি দলের ফিজিও ও চিকিৎসক দ্রুত তার কাছে ছুটে যান। এ সময় তাকে কয়েকবার ঘাড়, মাথা ও কাঁধ ধরে রাখতে দেখা যায়।
কিছুক্ষণ পর নিজেই উঠে দাঁড়িয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটেন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে তাকে বেশ সতর্কতার সঙ্গে হাঁটতে দেখা যায়। পরে তার বদলি হিসেবে মাঠে নামেন পাসিন্দু সোয়োরিয়াবান্দারা।
স্ক্যানে ঘাড়ে গুরুতর কোনো আঘাত ধরা পড়লে টেস্টের বাকি অংশে চান্দিমালের পরিবর্তে কনকাশন বদলি খেলোয়াড় নেয়ার সুযোগ পেতে পারে শ্রীলঙ্কা। স্কোয়াডে অতিরিক্ত টপ-অর্ডার ব্যাটার হিসেবে রয়েছেন সোয়োরিয়াবান্দারা।
আরটিভি/এসকে




