
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার স্ত্রী ও মরক্কান বংশোদ্ভূত ফুটবল এজেন্ট সুহাইলা তাহিরি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেননি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।
সম্প্রতি তুরস্কের একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন। তুরস্কের সরকারি দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিনের একটি এক্স পোস্টের পর বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
আলি শাহিন তার পোস্টে দাবি করেন, ব্রাজিলের সাও পাওলোতে বসবাসরত শেখ জিহাদ হামাদার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগের পর প্রায় চার সপ্তাহ আগে সাক্ষাৎ করেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। ওই সাক্ষাতে শাহাদাহ পাঠের মাধ্যমে কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলেও দাবি করেন তিনি।
তবে শুরু থেকেই এই খবর অস্বীকার করেন রবার্তো কার্লোস। সৌদি আরবের সংবাদমাধ্যম ‘ওকাজ’-কে দেওয়া প্রতিক্রিয়ায় ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেন, ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি তার স্ত্রীকে প্রার্থনা করতে দেখাকেও সুন্দর বলে উল্লেখ করেন। তবে ইসলাম গ্রহণের খবরকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দেন।
এবার একই বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তার স্ত্রী সুহাইলা তাহিরি। মরক্কোর সংবাদমাধ্যম হেস্পোর্তকে তিনি বলেন, আমি স্পষ্ট করে এবং দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যা ছড়িয়ে পড়ছে, সবই অসত্য।
ধর্মীয় বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে তাহিরি বলেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়া এ ধরনের খবর প্রকাশ করা উচিত নয়। একই সঙ্গে মানুষের ব্যক্তিগত বিশ্বাস ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।
রবার্তো কার্লোস এর আগে গোপনে ধর্মান্তরিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন তাহিরি। তার ভাষায়, না, কারণ প্রথমত এটি ঘটেইনি। রবার্তো কার্লোস এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এমন কোনো নির্ভরযোগ্য ঘটনাও ঘটেনি, যা ছড়িয়ে পড়া খবরগুলোকে সমর্থন করে।
কার্লোস কোনো দুর্ঘটনায় আহত হওয়ার পর শেখ জিহাদ হামাদা নামের একজন ধর্মীয় ব্যক্তিত্ব হাসপাতালে গিয়ে তাকে দেখতে যান এবং কুরআনের আয়াত পাঠ করেন এমন দাবিকেও সম্পূর্ণ মিথ্যা বলেছেন তাহিরি।
তিনি বলেন, এই গল্পও মিথ্যা। জিহাদ নামের কোনো শেখ বা ধর্মীয় ব্যক্তি তাকে হাসপাতালে দেখতে যাননি কিংবা তাকে কুরআনের আয়াত পড়ে শোনাননি। আমরা এই ব্যক্তিকে চিনি না।
ইসলাম বা কুরআন নিয়ে রবার্তো কার্লোসের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে ব্যক্তিগত আলাপ প্রকাশ করতে চাননি তাহিরি। তবে তিনি জোর দিয়ে বলেন, ভিন্ন ধর্ম বা সংস্কৃতি নিয়ে আলোচনা কিংবা তার প্রতি শ্রদ্ধা দেখানোর অর্থ এই নয় যে কেউ সেই ধর্ম গ্রহণ করেছেন।
তার মতে, ভিন্ন সংস্কৃতি বা ধর্মের প্রতি শ্রদ্ধা স্বাভাবিক, বিশেষ করে ভিন্ন প্রেক্ষাপটের মানুষের মধ্যে। কিন্তু ইসলাম বা কুরআন নিয়ে কোনো আলোচনা হয়েছে মানেই এই নয় যে একজন ব্যক্তি ধর্মান্তরিত হয়ে গেছেন।
সব মিলিয়ে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তার স্ত্রী সুহাইলা তাহিরি। এর আগে কার্লোস নিজেও একই দাবি অস্বীকার করেছিলেন।
আরটিভি/এসকে




