
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতের দাপুটে ব্যাটিংয়ের মাঝেই কলম্বোতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষভাগে উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়েছেন ভারতের যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো। আউট হওয়ার পর দুই ক্রিকেটারের মধ্যে শারীরিক সংঘাতের ঘটনায় দুজনের বিরুদ্ধেই আইসিসির আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ১৭তম ওভারে। ফার্নান্দোর করা ওভারের প্রথম তিন বলে টানা তিনটি বাউন্ডারি হাঁকান জয়সওয়াল। তবে চতুর্থ বলে শর্ট বল দিয়ে জয়সওয়ালকে ফেরান ফার্নান্দো। বলটি ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে স্টাম্পে আঘাত করে।
আউট হয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করেছিলেন জয়সওয়াল। কিন্তু শ্রীলঙ্কার খেলোয়াড়দের উদযাপন কিংবা কোনো মন্তব্যের পর তিনি আবার ফিরে আসেন। এরপর ফার্নান্দোর সঙ্গে মুখোমুখি অবস্থানে জড়িয়ে পড়েন ভারতীয় এই ব্যাটার। একপর্যায়ে দুজনের মাথা পরস্পরের সঙ্গে ঠেকে যায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা হস্তক্ষেপ করে দুজনকে আলাদা করেন।
আইসিসির আচরণবিধির ক্লজ ২.১২ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কারও সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ শাস্তিযোগ্য অপরাধ। ঘটনার মাত্রা অনুযায়ী এটি লেভেল-১ বা লেভেল-২ অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
এ ছাড়া ক্লজ ২.১৩-এর আওতায় আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য ব্যক্তিকে ব্যক্তিগতভাবে অপমান বা গালিগালাজের বিষয়টি পড়ে।
কলম্বোর ঘটনার ধরন বিবেচনায় জয়সওয়াল ও ফার্নান্দোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে তা লেভেল-১, অথবা পরিস্থিতি গুরুতর হলে লেভেল-২ অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এসব অপরাধে আনুষ্ঠানিক সতর্কতা, ডিমেরিট পয়েন্ট কিংবা ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত জরিমানার মতো শাস্তি হতে পারে।
তবে দুজনের কারও আগের অপরাধের রেকর্ড না থাকায় সরাসরি নিষেধাজ্ঞার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। ম্যাচ রেফারি ও ম্যাচ কর্মকর্তারা ঘটনার গুরুত্ব এবং দুই ক্রিকেটারের আচরণ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও মনে করেন, উত্তপ্ত পরিস্থিতিতে জয়সওয়ালের এতটা কাছে যাওয়া উচিত হয়নি। তবে তার ধারণা, ফার্নান্দোর কোনো মন্তব্য থেকেই ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে।
এখন ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে দুই দলের ক্রিকেটভক্তরা। ঘটনার পর জয়সওয়াল ও ফার্নান্দোর বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো শাস্তি দেওয়া হয় কি না, সেটিই হয়ে উঠেছে আলোচনার অন্যতম বিষয়।
আরটিভি/এসকে




