
বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে পাঁচ বছর আগে স্পেন ছেড়েছেন লিওনেল মেসি। তবে দেশটির সঙ্গে তার সম্পর্ক এখনো অটুট। সুযোগ পেলেই স্পেনে ছুটে যান আর্জেন্টাইন মহাতারকা। এবার সন্তানদের নিয়ে স্পেনে গিয়ে ভক্তদের চমকে দিলেন তিনি।
গত বছরের নভেম্বরে অনেকটা গোপনেই বার্সেলোনার সংস্কারাধীন ন্যু ক্যাম্পে ফিরেছিলেন মেসি। এরপর থেকেই কাতালান ক্লাবটিতে তার ফেরার গুঞ্জনও জোরালো হয়েছিল। তবে স্পেনে নিজের নতুন অধ্যায় শুরু করতে গত এপ্রিলে দেশটির পঞ্চম স্তরের ক্লাব কর্নেলার মালিকানা কেনেন মেসি।
এবার সেই কর্নেলার সবুজ-সাদা জার্সিতে তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরোকে নিয়ে হাজির হয়েছেন মেসি। পরিবারের সঙ্গে তার সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে কর্নেলা।
ছবিটি পোস্ট করে ক্লাবটি লিখেছে, লিও মেসি ও তার পরিবার এই মৌসুম শুরু করতে প্রস্তুত হচ্ছেন। কর্নেলা থেকে সারা বিশ্ব তার মতো সবুজ জার্সি পরা মানুষের সংখ্যা বেড়েই চলেছে। এই দারুণ চ্যালেঞ্জ শুরু করতে সবাই মুখিয়ে আছে। এগিয়ে চলো, কর্নেলা।
স্পেনে নতুন এই ভূমিকায় মেসির উপস্থিতি ভক্তদের মধ্যে তৈরি করেছে বাড়তি উচ্ছ্বাস। খেলোয়াড় হিসেবে স্পেন ছাড়লেও দেশটির ফুটবলের সঙ্গে এবার ভিন্ন পরিচয়ে যুক্ত হয়েছেন তিনি।
এদিকে ৩৯ বছর বয়সেও মাঠে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন মেসি। ইন্টার মায়ামির হয়ে সম্প্রতি মন্ট্রিলের বিপক্ষে ৭-১ গোলের বিধ্বংসী জয়ে একাই চার গোল করেছেন আর্জেন্টাইন তারকা। বয়স যেন তার পারফরম্যান্সে কোনো বাধাই হয়ে দাঁড়াতে পারেনি।
আরটিভি/এসকে




