
বছরজুড়ে এদিক সেদিক ক্ষ্যাপ খেলেই নাকি সময় কাটে জুবায়ের হোসেন লিখনের। ঘরোয়া লিগে দলে থেকেও সাইড বেঞ্চে বসেই সময় কাটাতে হয় লিখনের। এমন বসে থাকাটা হয়তো অভ্যাসই হয়ে গেছে ২২ বছর বয়সী এই লেগ স্পিনারের।
২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া লিখন গত চার বছরে খেলেছেন মাত্র ৬টি টেস্ট, ৩টি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি ম্যাচ। ছয় টেস্টের ১ ম্যাচে ৫ উইকেট সহ মোট ১৬ উইকেট পেয়েছিলেন এই লেগব্রেকার। বলা যায় একেবারে খারাপও করেননি তিনি। ওয়ানডেতে ৩ আর টি-টোয়েন্টিতে ২ উইকেট আছে তার থলিতে।
তবুও কেনো ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটে উপেক্ষিত তিনি তার উত্তর লিখন নিজেও দিতে পারেননি। তবে হঠাতই আবার সুযোগ মিললো দলের সাথে অনুশীলন করার।
আজ ৯ মে সিদ্ধান্ত এলো আসন্ন আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত ৩১ জনের প্রাথমিক দলের সাথে অনুশীলন করতে পারবে জুবায়ের হোসেন। তবে শুধুই একজন নেট বোলার হিসেবে।
এ নিয়ে দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, এটাও বা কম কিসে। জাতীয় দলের সাথে অনুশীলনের সুযোগ পেয়ে নিজেকে ফিরে পাক। দলে একজন লেগ স্পিনার দরকার তাই তাকে ডাকা হয়েছে।
৩১ জনের প্রাথমিক দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাইম হাসান, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, এনামুল হক বিজয়, আবু জায়েদ রাহী, নাজমুল হাসান শান্ত, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, আরিফুল হক, শফিউল ইসলাম, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান রাজু এবং আব্দুর রাজ্জাক।
এমআর/এএ




