
একাই লড়ে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৫২ রান নিয়েও শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটসম্যান।
শুক্রবার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের মতো এদিনও শুরুতে অজি শিবিরে আঘাত হানেন পাকিস্তানি ইমাদ ওয়াসিম। মূলত বাম-হাতি এই স্পিনারের কৃপণ বোলিং ফিগারই লাগাম টেনে ধরে অজি লাইনআপে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ উইকেট জুটিতে মিচেল মার্শ ও ম্যাক্সওয়েলের ৩০ রানের জুটিই ইংসের সর্বোচ্চ। মার্শ ২৩ বলে ২১ রান করে শাদাব খানের বলে আউট হয়ে যান। তবে এক প্রান্ত আগলে রাখেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে ১৩৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। শাদাব খান ও শাহিন আফ্রিদি নেন ২টি করে উইকেট।
এদিকে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ফখর জামানের উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং হাল ধরেন বাবর আজম ও মোহাম্মদ হাফিজ। ৩টি চার এর সাহায্যে ৪৪ বলে ৪৫ রান করেন বাবর। অন্যদিকে অভিজ্ঞ হাফিজ করেন ৩৪ বলে ৪০ রান।
শেষের দিকে ফাহিম আশরাফের ১০ বলে ১৭ রানের কল্যাণে ১৪৭ রান করতে সক্ষম হয় পাকিস্তান। ৪ ওভার বোলিং করে ৮ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ইমাদ ওয়াসিম।
আরও পড়ুন :
এস/ওয়াই




