
একুশ শতকে জন্ম নেয়া নাঈম হাসান বাংলাদেশের হয়ে অভিষেক টেস্ট খেলতে নেমেই দারুণ চমক দেখিয়ে যাচ্ছেন। যদিও ডানহাতি অফ স্পিনার হিসেবে তার দলে অন্তর্ভুক্তি হয়েছে, তবে চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে দলের ব্যাটিং বিপর্যয়ের সময় একদিক আগলে রেখে ব্যাটসম্যান হিসেবেও নৈপুণ্য দেখিয়েছেন।
টেস্টের প্রথম দিনের শেষ বিকেলটা পার করে দিলেন তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে। ২৬ রান করে দলের রানে অবদানও রাখলেন কিছু।
তবে তার যেটা কাজ সেটা করছেন দারুণ ভাবেই। নিজের করা তৃতীয় ওভারেই পেয়ে যান ক্যারিয়ারের প্রথম উইকেট। লেগ বিফরের ফাঁদে ফেলেন রোস্টন চেজকে। এর ঠিক দুই ওভার পরই সেট হওয়া ব্যাটসম্যান সুনীল আম্ব্রিসকে আউট করেন নাঈম।
দলের প্রয়োজনে দারুণ বোলিং করে এক শুভ আগমনী বার্তাই দিয়ে যাচ্ছেন ১৭ বছর বয়সী এই ক্রিকেটার।
এস/জেবি




