
গতানুগতিক ক্যারিবীয়দের মতোই চলে তার ব্যাট। এবার নিজের প্রথম অধিনায়ক হওয়ার সুবাদে বোঝা গেল ক্যারিবীয়দের মতোই খেলা নিয়ে আবেগ লাগামে থাকে রোভমেন পাওয়েলের।
সর্বশেষ টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ নিয়ে সংবাদ সম্মেলনে জিজ্ঞাসা করা হলে একবাক্যে উত্তর দিলেন, ‘ব্যাপার না’।
তবে আগামীকাল রোববার থেকে শুরু ওয়ানডে সিরিজ নিয়ে বেশ আশাবাদী জেসন হোল্ডারের ইনজুরির সুবাদে ভারপ্রাপ্ত এই অধিনায়ক।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ দল ঘরে-বাইরে একটি সিরিজও জিততে পারেনি। তাই বছরের শেষ সিরিজটিতে বাংলাদেশকে হারিয়ে স্বস্তিতে শেষ করতে চান ডানহাতি এই ব্যাটসম্যান।
‘অনেকদিন হয়ে গেল আমরা ওয়ানডে সিরিজ জিতি না। দলের খেলোয়াড়রা তাই জয়ের জন্য মুখিয়ে আছে। আমাদের এই পরাজয়ের ধারা বদলানোর জন্যই আমরা বাংলাদেশে এসেছি।
সাকিব-তামিম ফিরে আসায় পূর্ণ শক্তির দল নিয়ে খেলবে মাশরাফি বাহিনী। তবে এ ব্যাপারে চিন্তিত নন বলে জানান ক্যারিবীয় অধিনায়ক।
‘হ্যাঁ, ওরা পূর্ণ শক্তির দল ফিরে পাচ্ছে, সে তো আমরাও পাচ্ছি। ফলে এই সিরিজটা দারুণ রোমাঞ্চকর হবে।’
শেষ দেখায় নিজেদের মাঠে টাইগারদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল পাওয়েলদের। সেই হারের প্রতিশোধ বাংলাদেশের মাঠেই নিতে চান তিনি। বললেন- ‘ওরা আমাদের ক্যারিবীয়তে হারিয়েছে, আমরা এখানে ওদেরকে হারাতে এসেছি।’
দেশের মাঠে টাইগারদের হারানো যে কঠিন কাজ তা ভালোই জানেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। ২০১৫ সালের পর থেকে বিগত তিন বছরে ঘরের মাঠে মাত্র একটি ওয়ানডে সিরিজ হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা, বিপরীতে জয় পেয়েছে ৭টিতে। তাই এই সিরিজ জয় কষ্টসাধ্য হবে মনে করে পাওয়েল জানান, ‘এই সিরিজটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। তা ছাড়া যেকোনও দলই যখন নিজেদের মাটিতে খেলে, তাদের মুখোমুখি হওয়া কঠিন। আর বাংলাদেশ তো ঘরের মাটিতে বরাবরই দুর্দান্ত।’
আরও পড়ুন :
এস/পি




