
সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে উড়িয়ে চালকের আসনে বসে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে সফরকারীরা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। সিরিজ বাঁচাতে বৃহস্পতিবার তাই জয়ের কোনও বিকল্প নেই বাংলাদেশের সামনে।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু হলেও এর আগে টেস্ট আর ওয়ানডে সিরিজ জয় করেছিল টাইগাররা। দুর্বার বাংলাদেশ দল কেমন যেন অচেনা আচরণ দেখাল টি-টোয়েন্টি সিরিজে এসে।
সিরিজের প্রথম ম্যাচ হারলেও বাকি আছে আরও দুই ম্যাচ। আজ বিকেল ৫টা থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
প্রথম ম্যাচ হেরে খুব একটা চিন্তিত নয় বাংলাদেশ সেটা গতকাল সৌম্য সরকার জানিয়ে দিয়েছিলেন স্পষ্ট। ঘুরে দাঁড়াতে চায় দ্বিতীয় ম্যাচ দিয়ে। যার রসদ হিসেবে কাজ করছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে শেষ টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজেও প্রথম ম্যাচ হেরে পরের দুটিতে জিতে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), কেমো পল, ফ্যাবিয়ান অ্যালেন, ওশানে টমাস, শেলডন কটরেল।
এমআর/পি




