
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজে ধবলধোলাই হলেও শেষ ওয়ানডে দিয়ে অনন্য কীর্তি গড়লেন বাংলাদেশের দু’উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফরম্যাটে দেশের হয়ে ৪ হাজার রানের মাইলফলক ছুঁলেন তামিম-ইমরুল জুটি।
মাইলফলক ছুঁতে কিউইদের বিপক্ষে নেলসনের স্যাক্সটন ওভাল গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডেতে তাদের দরকার ছিল ৫ রান। ইনিংসের শুরুতেই তা করে ফেলেন তারা। এরপর ১০২ রানের জুটি গড়েন তামিম-ইমরুল। এ নিয়েই বড় স্কোরের স্বপ্ন দেখতে শুরু করে টাইগাররা। তবে তারা সাজঘরে ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান তুলতে সক্ষম হয় মাশরাফি বাহিনী।
জবাবে ২ উইকেট হারিয়ে ৫২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
এর আগে ৩ ফরম্যাট মিলিয়ে ৪ হাজার রান আসে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান জুটিতে। তাদের রান ৪ হাজার ২৪১। ইনিংস খেলেছেন ১২৪টি। তামিম-ইমরুল জুটির ইনিংস ১০৮। তাদের রান এখন ৪ হাজার ৯৭।
বাংলাদেশের হয়ে ৩ হাজার রানও নেই আর কোনো জুটির।
রানের মতো শতকেও সবার ওপরে মুশফিক-সাকিব জুটি। সবমিলিয়ে তারা ৭ বার গড়েছেন শতরানের জুটি। এ তালিকাতেও দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম-ইমরুল। তাদের শতকের জুটি ৬টি। আর ৫টি শতকের জুটি নিয়ে তৃতীয় স্থানে আছেন হাবিবুল বাশার ও জাভেদ ওমর বেলিম।
ডিএইচ




