
পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ঘোষিত এই দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক চারিথ আসালাঙ্কার। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গাও।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন আসালাঙ্কা। তিন ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে ১, ১১ ও ৭ রান। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে দল নির্বাচনে। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আসন্ন সিরিজে খেলতে পারবেন না হাসারাঙ্গা।
এই দুই ক্রিকেটারের পরিবর্তে দলে ফিরেছেন আভিষ্কা ফার্নান্দো ও সাহান আরাচ্চিগে। তবে দলে জায়গা পেলেও ফিটনেস পরীক্ষার বাধা পেরোতে হবে পাথুম নিশাঙ্কাকে। চোটের কারণে ইংল্যান্ড সফরের পর তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার আগে পরীক্ষায় উত্তীর্ণ হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন এই ব্যাটার।
আগামী ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। এরপর ২২ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে লঙ্কানরা। লাহোরে দ্বিতীয় পর্বের ম্যাচগুলো শেষে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে শেষ লিগ ম্যাচ। আর টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ৩১ অক্টোবর।
শ্রীলঙ্কার ওয়ানডে দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কামিল মিশারা, পাভান রত্নায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, সাচিন্দু কলম্বাগে, দুসমান্থা চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা।
আরটিভি/এসকে



